প্রকাশ: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ৪:০৩ পিএম (ভিজিট : ১২৭)

X
লক্ষ্মীপুরের রামগতিতে বালু বোঝাই বাল্কহেড থেকে চাঁদাবাজির সময় ছাত্রদলনেতাসহ তিনজনকে হাতেনাতে আটক করেছে কোস্টগার্ড। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার আলেকজান্ডার আসলপাড়া লঞ্চঘাট থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হচ্ছেন, আলেকজান্ডার আ স ম আবদুর রব সরকারি কলেজ শাখার ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মোঃ তৌহিদুল ইসলাম নয়ন, তার সহযোগী মো.ইকবাল ও মো.আহাদ। তাদের সবার বাড়ি আলেকজান্ডার ইউনিয়নে।
স্থানীয়রা জানান, মেঘনা নদী দিয়ে প্রতিদিন ৩০-৪০টি বালুবোঝাই বাল্কহেড বিভিন্ন স্থানে চলাচল করে। এসব বালু বহনকারী বাল্কহেড থেকে তারা প্রতিদিন ৫০০-১০০০ টাকা নিয়মিত চাঁদা নেন। এমন খবর পেয়ে কোস্ট গার্ডের রামগতি কন্টিনজেন্টের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের হাতেনাতে আটক করে।
কোস্টগার্ড রামগতি কন্টিনজেন্ট ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বালু বোঝাই বাল্কহেড থেকে চাঁদাবাজি করার সময় তাদেরকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের কাছে একটি টাকা আদায়ের রশীদ পাওয়া গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।