
X
'দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি' এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন সম্পন্ন হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রাণিসম্পদ অফিস প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) অর্থায়নে র্যালি, উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন গ্রামের খামারিরা ৩০টি স্টল নিয়ে অংশ নেন। এসব স্টলে বিভিন্ন জাতের গবাদিপশু ও পোষ্য প্রাণীর প্রদর্শনী ছিল। গরু, ছাগল, ভেড়া, ঘোড়া, হাঁস, মুরগি, টার্কি ছাড়াও বিড়াল, কুকুর, খরগোশ, কবুতর, ময়না ও নানা প্রজাতির পাখি প্রদর্শনীর দর্শনার্থীদের আগ্রহ কাড়ে। পাশাপাশি খামার ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ ও গবাদিপশুর সুষম খাদ্যবিন্যাস নিয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পণ্য ও তথ্য প্রদর্শনীও আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃউজ্জ্বল কুমার কুন্ডু ও সঞ্চালনা করেন উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃসুলতানা বেগম।উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ উজ্জল কুমার কুন্ডু বলেন, দেশের প্রাণিসম্পদ খাত আজ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তিনি জানান, বাংলাদেশ ইতোমধ্যে মাংস উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়েছে এবং দুধ উৎপাদনেও স্বয়ংসম্পূর্ণতার দ্বারপ্রান্তে রয়েছে। স্থানীয় খামারিদের প্রশিক্ষণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও টেকসই পশুপালনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, খামারিদের সক্ষমতা বৃদ্ধি করতে নিয়মিত প্রশিক্ষণ, ভেটেরিনারি সেবা ও রোগ প্রতিরোধমূলক কার্যক্রম চালু রয়েছে। নিরাপদ প্রাণিজ পণ্য উৎপাদন ও বাজারজাতকরণে সরকারি বিভিন্ন প্রকল্প মাঠপর্যায়ে বাস্তবায়ন করা হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ভারঃ) ঈষিতা আক্তার বলেন, বর্তমানে প্রাণিসম্পদ খাত শুধু অর্থনৈতিক ক্ষেত্রেই নয়, গ্রামীণ জনপদের কর্মসংস্থান ও দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম সফল করতে স্থানীয় খামারিদের আধুনিক পদ্ধতি গ্রহণ করতে হবে এবং প্রাণিসম্পদ খাতকে বাণিজ্যিক ভাবে প্রসারিত করতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃমেহেদী হাসান,সোনালী ব্যাংকের এজিএম মোঃ মোবাশ্বের হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সি ফিরোজা খাতুন,হরিণাকুন্ডু প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুল সামাদ,সাধারণ সম্পাদক নাজমুল হুদা রিপন, সিনিয়র সাংবাদিক মোঃ শাহানুর আলম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইমরুল হাসান মিঠু সহ অন্যান্য সাংবাদিক বৃন্দ ও বিভিন্ন এলাকা থেকে আগত খামারি গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।