প্রকাশ: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ৬:২৯ পিএম (ভিজিট : ১০২)

X
গাজীপুরের শ্রীপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী–২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) বেলা এগারোটার দিকে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতের উন্নয়নে বহুমুখী দিক নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার ব্যারিস্টার সজীব আহমেদ। তিনি বলেন, “প্রাণিসম্পদ খাত দেশের পুষ্টি নিরাপত্তা, কর্মসংস্থান সৃষ্টি এবং সামগ্রিক অর্থনৈতিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। আধুনিক প্রযুক্তি ও সেবা মাঠপর্যায়ে পৌঁছে দিতে সরকারের বিভিন্ন উদ্যোগ ইতোমধ্যে কৃষক-খামারিদের কাছে সুফল বয়ে আনছে।”
স্বাগত বক্তব্য দেন ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ গোলাম মুরশেদ মুরাদ। তিনি রোগ নিয়ন্ত্রণ, উন্নত জাত বিস্তার, দুধ–ডিম–মাংস উৎপাদন বৃদ্ধি এবং খামার ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির প্রয়োগ বিষয়ে সরকারের চলমান কার্যক্রম তুলে ধরেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ আশরাফ হোসেন।
বক্তারা বলেন, সঠিক পরিচর্যা, স্বাস্থ্য ব্যবস্থাপনা ও আধুনিক খামার প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে স্থানীয় খামারিদের উৎপাদনশীলতা আরও বাড়ানো সম্ভব। এ সময় প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) মাঠপর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও উল্লেখ করা হয়।
অনুষ্ঠানটি আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, শ্রীপুর, গাজীপুর। সহযোগিতায় ছিল প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।