প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ৩:৪৭ পিএম আপডেট: ২৭.১১.২০২৫ ৩:৪৯ পিএম (ভিজিট : ৭৭)

X
দিনাজপুরে জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত বিষয়ক কার্যকর বাস্তবায়নের লক্ষ্যে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের অডিটোরিয়ামে এ কর্মশালার আয়োজন করে স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতাভুক্ত বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্প।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম। তিনি বলেন, “গ্রাম আদালত হচ্ছে তৃণমূলের মানুষের ন্যায়বিচার পাওয়ার অন্যতম সহজ মাধ্যম। বিশেষ করে নারী, শিশু, প্রবীণ ও প্রান্তিক মানুষের কাছে ন্যায়বিচার পৌঁছে দিতে গ্রাম আদালতকে আরও জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলকভাবে পরিচালনা করতে হবে। স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তি দ্রুত ও কার্যকর হলে সামাজিক সৌহার্দ্য বৃদ্ধি পায় এবং সাধারণ মানুষ জেলা শহরের আদালতের চাপ থেকেও মুক্ত থাকে।”
তিনি আরও বলেন, “সরকার গ্রাম আদালতকে শক্তিশালী করতে নানামুখী উদ্যোগ নিয়েছে, মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে এ ধরনের কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
কর্মশালায় সভাপতিত্ব করেন দিনাজপুরের স্থানীয় সরকার উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিয়াজ উদ্দিন। তিনি বলেন, “গ্রাম আদালতকে সক্রিয় করতে ইউনিয়ন পরিষদগুলোর দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত জরুরি। মামলা নিষ্পত্তিতে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জনগণের অংশগ্রহণ নিশ্চিত হলেই গ্রাম আদালতের প্রতি আস্থা বাড়বে।”
কর্মশালায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব, গ্রাম পুলিশ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গ্রাম আদালত সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন। বক্তারা গ্রাম আদালতের কার্যপ্রক্রিয়া, নারীর অংশগ্রহণ বৃদ্ধি, মামলা পরিচালনায় জবাবদিহিতা এবং প্রান্তিক জনগোষ্ঠীর ন্যায়বিচার নিশ্চিত করার বিভিন্ন দিক উপস্থাপন করেন।