
X
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকালে জেলা শহরের হুজরাপুরে জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর চত্বরে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয় এবং একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন সদর উপজেলার নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদ বলেন, আমাদের অর্থনীতিকে এগিয়ে নিতে প্রাণিসম্পদের গুরুত্ব অনেক। তিনি খামারিদের উদ্দেশ্যে বলেন, জেলা প্রশাসন সমন্বয়ের জায়গা থেকে কাজ করে, আপনাদের কথা শুনতে চায়। জেলা প্রশাসন সবসময় আপনাদের পাশে আছে।
তিনি আরও বলেন, রোগ নির্ণয়, পুষ্টি এবং গবাদিপশুর উন্নয়নের সাথে জড়িত ৫টি প্রকল্প এই জেলায় পরিচালিত হচ্ছে। সরকারি প্রকল্পের সুফল যেন বেনিফিশিয়ারিদের কাছে পৌঁছায়, সে দিকে নজর দিতে হবে।
শাহাদাত হোসেন মাসুদ আরো বলেন, গরু চুরির বিষয়ে সর্বদা সজাগ রয়েছে পুলিশ প্রশাসন। এছাড়াও আমরা মোবাইল কোর্ট পরিচালনা করে গরু মোটাতাজাকরণ বিষয়ে খেয়াল রাখব। তিনি আরো বলেন, আমরা সবসময় টেকসই ও গুণগতমান সাসটেইন করব। আমাদের টেকসইয়ের জায়গাতে কাজ সবসময় চলমান থাকবে এবং গুণগতমানের ব্যাপারে কোনো ছাড় দেয়া যাবে না।
তিনি আরো বলেন, আগামী নির্বাচনে আমরা সুষ্ঠু নিরপেক্ষ শান্তিপূর্ণ নির্বাচন করব, ভোট উৎসব করবো ইনশাআল্লাহ।
সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন— পুলিশ সুপার মো. রেজাউল করিম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. ইয়াছিন আলী, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা, জেলা মৎস্য কর্মকর্তা শাহিনুর রহমান
সূচনা বক্তব্য দেন, জেলা ভেটেরিনারি অফিসার ডা. কবির উদ্দিন আহমেদ। খামারিদের মধ্যে বক্তব্য দেন মুনজের আলম মানিক ও রাকিবুল আলম বাবু।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোস্তাফা জানান, প্রদর্শনী আজকে বুধবার শেষ হবে কিন্তু আমাদের সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হবে। যেমন ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্পেইন, ইউনিয়ন পর্যায়ে ফ্রি ক্যাম্প, নারী ও তরুণ উদ্যোক্তাদের নিয়ে বৈঠক, কুইজ প্রতিযোগিতা ও স্কুল ফিডিং ক্যাম্পেইন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শারমিন আক্তার, ভেটেরিনার সার্জন মোছামত আশা আনার কলিসহ খামারি ও উদ্যোক্তারা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের এল.ই.ও. ডা. শামীমা নাসরিন।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে গম্ভীরা পরিবেশিত হয়। জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর এই কর্মসূচির আয়োজন করে।