
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ আসন (বাঁশখালী) থেকে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক লেয়াকত আলী চেয়ারম্যান।
আজ বৃহস্পতিবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করা ৫ মিনিট ১ সেকেন্ড দৈর্ঘ্যের এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন তিনি। নির্বাচনের ঘোষণা দেওয়া এই আলোচিত বিএনপি নেতা চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ৯নং গণ্ডামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক।
৫ মিনিট ১ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিও বার্তায় লেয়াকত আলী বলেন, ‘আমি ৪১ বছর ধরে বিএনপির রাজনীতি করেছি। এ সময় বাঁশখালীবাসীর পাশে থাকার চেষ্টা করেছি। নেতাদের ড্রয়িংরুমে হাজিরা দিতাম না বলে ড্রয়িংরুম পলিটিকসে বারবার পরাজিত হয়েছি। আমার প্রিয় বাঁশখালীবাসী আমাকে আশাহত করবে না। আমি কৃষকের ঘরে জন্ম নেওয়া, শ্রমিকের তত্ত্বাবধানে বেড়ে ওঠা রাজনৈতিক কর্মী। আমার রাজনীতি আমাকে ছুড়ে ফেলে দিলেও আপনারা আমাকে বুকে টেনে না নিয়ে পারবেন না—এটা আমার বিশ্বাস। তাই ২২ নভেম্বর জনসভায় সবাই উপস্থিত হয়ে আমাকে প্রেরণা জুগিয়েছেন, আশান্বিত করেছেন।'
ভিডিও বার্তায় লেয়াকত আলী আরও বলেন, আপনারা সেদিন (২২ নভেম্বর) আমাকে নির্বাচন করার পরামর্শ দিয়েছেন। আপনাদের সে পরামর্শকে আমার জন্য আদেশ মনে করে আমি সেদিনই নির্বাচন করার ইঙ্গিত দিয়েছিলাম। তারই ধারাবাহিকতায় আজ পরিষ্কারভাবে আমি আপনাদের বিনয়ের সঙ্গে ঘোষণা করতে চাই, ইনশা আল্লাহ আগামী জাতীয় নির্বাচনে আমি অংশগ্রহণ করব।
এর আগে গত ২২ নভেম্বর (শনিবার) বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাঁশখালী উপজেলা ও পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত জনসভায় নির্বাচন করার ইঙ্গিত দেন বিএনপি নেতা লেয়াকত আলী।
এ বিষয়ে জানতে চাইলে লেয়াকত আলী বলেন, স্বতন্ত্র বা দলীয় বুঝি না। আমি ইলেকশন করব, এটাই সত্য। আসনটি যে দলের দরকার হবে, সে দল আমাকে প্রতীক দেবে। আমি মজলুম ও ত্যাগী। বাঁশখালীবাসীর কাছে ন্যায়বিচারের ভার ছেড়ে দিলাম আমি। ইলেকশন করে যাব ইনশা আল্লাহ।
উল্লেখ্য, গত ৩ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উপলক্ষে ২৩৭ আসনে প্রাথমিক মনোনয়ন ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনে বিএনপির প্রার্থী হিসেবে মিশকাতুল ইসলাম চৌধুরীর নাম ঘোষণা করে দলটি।