প্রকাশ: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ৫:০৫ পিএম (ভিজিট : ১৩৩)

X
নিখোঁজের তিনদিন পর ঢাকার ধামরাই পৌরসভার চন্দ্রাইল এলাকার একটি মৎস খামারের পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ শুক্রবার (২৮ নভেম্বর) সকালে পৌরসভার ছোট চন্দ্রাইল এলাকার পুকুর থেকে হৃদয় হাসানের (২৪) মরদেহ উদ্ধার করে ধামরাই থানা পুলিশ।
এ তথ্য নিশ্চিত করেছেন ধামরাই থানার সহকারী পুলিশ পরিদর্শক মো. ফারুক হোসেন।
নিহত হৃদয় হাসান (২৪) সৈয়দপুর জেলার সদর থানার নিয়ামতপুর এলাকার মো. চান মিয়ার ছেলে। সে পেশায় একজন রডমিস্ত্রি ছিলেন। নিহত হৃদয় দীর্ঘ দশ বছর ধরে পরিবারসহ চন্দ্রাইল এলাকাতেই ভাড়া থাকতেন।
নিহতের ভাই মনু মিয়া জানান, আমার ভাই তিনদিন ধরে নিখোঁজ তাকে আমরা খুজতেছিলাম। যখন সকালে ভেসে থাকা লাশের খবর পাই তখন ছুটে আসি। লাশ ছিলো পুকুরের মাঝখানে। পরে পুলিশ লাশ উদ্ধার করলে সনাক্ত করতে পারি এটা আমার ভাইয়ের লাশ।
স্থানীয়রা জানান, সকালে লাশ ভেসে থাকার খবরে এলাকার মানুষ জড়ো হয়। তিনদিন ধরে নিখোঁজ হৃদয়ের নাম অনেকেই ধারণা করে। পরে পুলিশে খবর দেয়া হলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। তার ভাইয়েরা সনাক্ত করে হৃদয়ের লাশ। হৃদয় এ এলাকাতেই দশ বছর ধরে মা বাবার সাথে বসবাস করতো। সে একজন দিনমজুর ছিলো।
এ বিষয়ে ধামরাই থানার সহকারী পুলিশ পরিদর্শক মো. ফারুক হোসেন জানান, ৯৯৯ এ কল পেয়ে ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় আমরা লাশ উদ্ধার করেছি। নিহতের স্বজনেরা মরদেহের পরিচয় সনাক্ত করেছে।
ধামরাই থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থল পরিদর্শন ও মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তে প্রেরণের প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া চলমান।