প্রকাশ: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ৬:০৬ পিএম (ভিজিট : ৪৯)

X
কুতুবদিয়া সমুদ্র সৈকত থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত রাত সাড়ে ১০টার দিকে কৈয়ারবিল সমিতি রোডের পশ্চিম পাশে সমুদ্র সৈকতে মরদেহটি প্রথমে দেখতে পান স্থানীয়রা। পরে তারা বিষয়টি পুলিশকে জানান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে এবং তল্লাশির সময় জাতীয় পরিচয়পত্র পাওয়া যায়। পরিচয়পত্রের মাধ্যমে নিহতের নাম–পরিচয় নিশ্চিত হয়।
নিহত হোসেন শরীফ (৪৫), কক্সবাজারের উখিয়া উপজেলার উয়ালা পালং ডেইল পাড়ার বদিউর রহমানের ছেলে। বিষয়টি তার পরিবারও মোবাইলে নিশ্চিত করেছে। মরদেহটি এখনও থানায় রয়েছে।
পরিবার জানায়, হোসেন শরীফ কুতুব শরীফ দরবারে জিয়ারত করতে গিয়েছিলেন। তিনি মৃগীরোগে ভুগছিলেন।
কৈয়ারবিল ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শফিউল আলম বলেন, রাত সাড়ে ১০টার দিকে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে খবর দেন।” উদ্ধারকৃত মরদেহের মাথায় টুপি, হাতে তসবিহ এবং পরনে পাঞ্জাবি ছিল।
স্থানীয়দের ধারণা, যুবকটি সাগরে ভেসে আসেননি। তাদের বক্তব্য, সাগরের ঢেউয়ে ভেসে এলে মাথার টুপিটি পাওয়া যেত না। তারা মনে করছেন, যুবকটি হত্যাকাণ্ডের শিকার হতে পারেন।
কুতুবদিয়া থানার ওসি আরমান হোসেন জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। ময়নাতদন্ত রিপোর্টের পর মৃত্যুর কারণ জানা যাবে।