প্রকাশ: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫, ১০:৩৯ এএম (ভিজিট : ১১৩)

X
জামালপুরের ইসলামপুর উপজেলায় একই দিনে দুইটি পৃথক সড়ক দুর্ঘটনায় এক মাদরাসা শিক্ষক ও এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। হঠাৎ ঘটে যাওয়া এই দুর্ঘটনাগুলোতে দুই এলাকায় নেমে এসেছে গভীর শোক।
প্রথম ঘটনা ঘটে ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের চর পলিশা এলাকায়। বীর মাইজবাড়ী বালিকা দাখিল মাদরাসার সুপার মাওলানা মো. হালিম (৬০) শুক্রবার বিকেলে মোটরসাইকেলে করে জামালপুরের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে মারাত্মক আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, জামালপুর-দেওয়ানগঞ্জ বাইপাস সড়কের পাটনীপাড়া ব্রিজ এলাকায় মোটরসাইকেল ও বিপরীত দিক থেকে আসা ট্রাকের সংঘর্ষে গুরুতর আহত হন ইসলামপুর উপজেলার নটারকান্দা গ্রামের সুলতান শেখের ছেলে কলেজ পড়ুয়া মাসুম বিল্লাহ (২৫)। স্থানীয়রা তাকে প্রথমে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ আ. স. ম. আতিকুর রহমান দুইটি দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।