প্রকাশ: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫, ৭:৫৩ পিএম (ভিজিট : ৩২৬)

X
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ১০ম গ্রেডসহ তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে নিহতদের রূহের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ নভেম্বর) বিকাল ৩টায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে সহকারী শিক্ষক থেকে শুরু করে বিভিন্ন পদমর্যাদার শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন সহকারী শিক্ষক মোঃ নুরুল ইসলাম। এরপর স্বাগত বক্তব্য দেন সমিতির সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম।
কর্মসূচির প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ আব্দুর রকিব। তিনি বলেন, “সহকারী শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ১০ম গ্রেডসহ তিন দফা বাস্তবায়ন এখন সময়ের দাবি।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুর রহমান, প্রধান শিক্ষক মাসুমা আখতার, প্রধান শিক্ষক আব্দুল হামিদ খান এবং প্রধান শিক্ষক দুরুল হোদা। তারা সবাই শিক্ষকদের দাবি-দাওয়া বাস্তবায়নে সরকারের দ্রুত উদ্যোগ প্রত্যাশা করেন।
সহকারী শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য দেন মকবুল হোসেন ও মোঃ বায়েজিদুল ইসলাম প্রমুখ। তারা বলেন, “সহকারী শিক্ষকদের দীর্ঘদিনের বঞ্চনা দূর করতে সরকারকে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে।”
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি মোঃ কামাল হোসেন। তিনি আন্দোলনরত শিক্ষকদের প্রতি সংহতি জানিয়ে বলেন, “ফাতেমা খাতুনের মৃত্যু আমাদের হৃদয়ে গভীর ক্ষত। তার রূহের মাগফিরাত কামনা করছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”
দোয়া পরিচালনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।