প্রকাশ: রোববার, ৩০ নভেম্বর, ২০২৫, ১:১১ পিএম আপডেট: ৩০.১১.২০২৫ ১:৩৬ পিএম (ভিজিট : ১১৬)

X
ফরিদপুরের পুলিশ সুপার মো. আব্দুল জলিল (পিপিএম) সরকারি আদেশে পিবিআই দপ্তরে বদলি হয়েছেন। দেড় বছরের কর্মময় দায়িত্ব শেষে বিদায়ী এই পুলিশ কর্মকর্তা ফরিদপুরে রেখে গেলেন সততা, দক্ষতা, মানবিকতা ও পেশাদারিত্বের অনন্য দৃষ্টান্ত।
শনিবার রাতে ফরিদপুর প্রেসক্লাবে তাঁর বিদায় অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীরা ফুল, ক্রেস্ট ও জেলার ঐতিহ্যবাহী নকশিকাঁথা উপহার দিয়ে সম্মাননা প্রদান করেন। এর আগে বিকালে পুলিশ লাইনসে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। সহকর্মীরা এ সময় তাঁর মানবিক আচরণ, পেশাদার দক্ষতা ও অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকাকে স্মরণ করেন।
গণমাধ্যমকর্মীরা জানান, দায়িত্ব পালনকালে তিনি সাংবাদিকবান্ধব ছিলেন। ছাত্র-জনতার আন্দোলনের পর ভেঙে পড়া পুলিশিং ব্যবস্থা পুনরুদ্ধারে ছিল তাঁর সফল নেতৃত্ব। জেলার নয়টি থানায় পুলিশ সদস্যদের মনোবল বাড়াতে তিনি নিজেই রাতভর এলাকায় টহল দিয়েছেন, খোঁজ নিয়েছেন সাধারণ মানুষের। মাদকবিরোধী অভিযানে ছিলেন অটল ও আপসহীন, দুস্কৃতিকারীদের কাছে হয়ে উঠেছিলেন আতঙ্কের নাম।
সময়ের প্রতিবেদক বি কে সিকদার সজল জানান, তিনি মাত্র ১০ টাকার বিনিময়ে তিনটি নিয়োগ দিয়ে উদাহরণ সৃষ্টি করেছিলেন। প্রথম আলোর পান্না বালা বলেন, তাঁর সময়ে ফরিদপুরে পুলিশ বিভাগে সুশাসন প্রতিষ্ঠা পেয়েছিল। সমকালের হাসানউজ্জামান জানান, অসহায়দের শেষ ভরসা ছিলেন এই কর্মকর্তা।
ফরিদপুর প্রেসক্লাব সভাপতি মো. কবিরুল ইসলাম সিদ্দিকী বলেন, গণআন্দোলনের পর পুলিশকে পুনরুজ্জীবিত করতে তাঁর অবদান জেলার মানুষ ভুলবে না।
বিদায়ী পুলিশ সুপার আব্দুল জলিল বলেন, ফরিদপুরে দায়িত্ব পালন তাঁর ক্যারিয়ারের গর্ব। তিনি সাংবাদিক, পুলিশ সদস্য ও জেলার মানুষের সহযোগিতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সবার ভবিষ্যৎ জীবনের সফলতা কামনা করেন।