প্রকাশ: রোববার, ৩০ নভেম্বর, ২০২৫, ৬:২৬ পিএম (ভিজিট : ১৩৩)

X
মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শরীয়তপুরের ডামুড্যায় কর্মরত টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা এক দফা কর্মসূচি পালন করেছেন।
রবিবার (৩০ নভেম্বর) সকাল থেকে শরীয়তপুরের ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে অবস্থান নিয়ে তারা কর্মবিরতি পালন করেন।
১১-২০তম গ্রেড পুনর্গঠন করে মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট, মেডিকেল এ্যাসিস্ট্যান্টসহ সংশ্লিষ্ট ক্যাডারের সকল পদের জাতীয় বেতনস্কেলের আলোকে ১০ম গ্রেডে উন্নীতকরণ এই দাবি বাস্তবায়নের লক্ষ্যে সারাদেশের মতো শরীয়তপুরের ডামুড্যায় এই কর্মসূচি পালিত হয়েছে।
কর্মসূচির অংশ হিসেবে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের সংগঠন "মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদ" ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনচার্জ ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে সেবাখাতের গুরুত্বপূর্ণ এই পেশাজীবীরা বৈষম্যের শিকার হয়ে আসছেন। নানা সময় দাবি জানানো হলেও কার্যকর সমাধান না পাওয়ায় তারা বাধ্য হয়ে কর্মবিরতিতে অংশ নিয়েছেন।
কর্মবিরতিতে অংশ নেওয়া টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা বলেন, আমরা জনগণের স্বাস্থ্যসেবার গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু আমাদের গ্রেড ও পদোন্নতিতে দীর্ঘদিনের বৈষম্য দূর করা হয়নি। অবিলম্বে ১০ম গ্রেড বাস্তবায়ন না হলে সারাদেশব্যাপী আন্দোলন আরও কঠোর হবে।
কর্মসূচির কারণে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন রোগনির্ণয় সেবা বিঘ্নিত হয়। তবে জরুরি সেবাগুলো চালু ছিল বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
উল্লেখ্য, সারাদেশে একই দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের এই কর্মসূচি চলমান রয়েছে। দাবি পূরণ না হলে আরও বৃহত্তর আন্দোলনের ঘোষণা দিয়েছেন সংগঠনের নেতারা।
কর্মবিরতিতে উপস্থিত ছিলেন, ডামুড্যা স্বাস্থ্য কমপ্লেক্স এর ল্যাবরেটরি মোঃ কামাল উদ্দিন, ডামুড্যা স্বাস্থ্য কমপ্লেক্স এর রেডিওগ্রাফি ও ইমেজিং এসএম মোস্তফা, ডামুড্যা স্বাস্থ্য কমপ্লেক্স এর সেনেটারি ইন্সপেক্টর আলেয়া বেগম, ডামুড্যা স্বাস্থ্য কমপ্লেক্স এর ডেন্টাল মেডিকেল টেকনোলজি ওয়ালিউর রহমান, ডামুড্যা স্বাস্থ্য কমপ্লেক্স এর ফার্মাসিস্ট মোঃ মফিকুল ইসলাম, ডামুড্যা স্বাস্থ্য কমপ্লেক্স এর ফার্মাসিস্ট রাকিবুল ইসলাম।