প্রকাশ: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ৭:৩১ পিএম (ভিজিট : ৮৫)

X
কক্সবাজারের কুতুবদিয়ায় ধূরুং বাজার এলাকায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি এবং ড্রাগ লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার দায়ে দুই ফার্মেসিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার বিকেলের দিকে এ অভিযানটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো: সাকিব উল আলম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো: সাকিব উল আলম জানান, লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনাসহ মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে ধূরুং বাজার এলাকায় দুটি ফার্মেসিতে অভিযান চালানো হয়। অভিযানে ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায় এ কারণে মো: নজরুল ইসলাম মুক্তা ফার্মেসিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারা ২০ হাজার টাকা, আর ড্রাগ লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার দায়ে মো: উল্লাহ কুতুবী সৌদি ফার্মেসিকে ওষুধ ও কসমেটিক্স আইন,২০২৩ এর ১৪(১) ধারা ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া,জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এসময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর, আব্দুল মালেক,কুতুবদিয়া থানার এস আই আব্দুল খালেক সহ পুলিশের একটি টিমের উপস্থিত ছিলেন।
এদিকে, মোবাইল কোর্টের উপস্থিতি টের পেয়ে ধূরুং বাজারের সকল ফার্মেসি মালিক ফার্মেসি তালাবন্ধ করে পালিয়ে যায়।