
ওরূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের তেজস্ক্রিয় বিকিরণ এলাকায় অগ্নিনির্বাপণে দক্ষতা বাড়াতে ফায়ার ফাইটারদের জন্য ১৪ দিনব্যাপী আন্তর্জাতিকমানের বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। “রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে অন-সাইট ফায়ার ফাইটারদের জন্য রেডিও-রাসায়নিক, বৈদ্যুতিক, বিস্ফোরক ও অগ্নি-বিপজ্জনক এলাকায় অগ্নিনির্বাপন” শীর্ষক এই প্রশিক্ষণ দুই সপ্তাহ ধরে পরিচালিত হয়।
শনিবার (২৯ নভেম্বর) এ তথ্য জানান ট্রেনিং ডিভিশনের উপ-প্রধান মো. মনিরুজ্জামান।
৮০ ঘণ্টার এই কোর্সে তাত্ত্বিক ও ব্যবহারিক উভয় ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়। অংশগ্রহণকারীরা তেজস্ক্রিয় এলাকায় অগ্নিনির্বাপণের বিশেষ কৌশল, বিকিরণমাত্রা পর্যবেক্ষণ, ডোজিমিটার ব্যবহার, দূষণ নিয়ন্ত্রণ, নিরাপত্তা নীতি ও ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম ব্যবহারে দক্ষতা অর্জন করেন।
কোর্সটির তত্ত্বাবধানে ছিলেন ট্রেনিং ডিভিশনের প্রধান মো. গোলাম শাহীনুর ইসলাম ও উপ–প্রধান মনিরুজ্জামান। সমন্বয়ে সহায়তা করেন ফায়ার সেফটি বিভাগের প্রশিক্ষক সৈয়দ নাজমুল হোসেন।
প্রথম ধাপে প্রশিক্ষণে অংশ নেন ২৩ জন ফায়ার ফাইটার, যাদের মধ্যে ছিলেন ১ জন সিনিয়র স্টেশন অফিসার, ৩ জন লিডার, ১৫ জন ফায়ার ফাইটার ও ৪ জন ড্রাইভার। সবাই তাত্ত্বিক ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। দ্বিতীয় ধাপে আরও ১২ জনের প্রশিক্ষণ চলছে।
প্রশিক্ষণে স্বয়ংক্রিয় অগ্নিনির্বাপন প্রযুক্তি- ডেলুজ, ওয়াটার মিস্ট, নিষ্ক্রিয় গ্যাস, ফোম ও ড্রাই কেমিক্যাল সিস্টেম ব্যবহারের হাতে-কলমে অনুশীলন করানো হয়েছে। দ্বিতীয় সপ্তাহে ASE ও NPCBL প্রতিনিধিদের উপস্থিতিতে বিশেষায়িত ফায়ার যানবাহন ব্যবহারের অনুশীলনও সম্পন্ন হয়।
NPCBL–এর ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান বলেন, আন্তর্জাতিকমানের এই প্রশিক্ষণ রূপপুর প্রকল্পের নিরাপত্তা সংস্কৃতিকে আরও শক্তিশালী করবে এবং পারমাণবিক জরুরি প্রতিক্রিয়ায় মানবসম্পদের সক্ষমতা বাড়াবে।