প্রকাশ: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ৪:৫০ পিএম (ভিজিট : ৫৮)

X
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার রাজারামপুর ডাঙ্গাপাড়া গ্রামে ঈদগাহ মাঠের মাটি কাটাসহ গ্রামবাসীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ঘন্টাব্যাপী মানববন্ধন করেছে এলাকাবাসী।
মঙ্গলবার দুপুর ১২টায় (দিনাজপুর-গোবিন্দগঞ্জ-ঢাকা) আঞ্চলিক মহাসড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শিবলি সাদিককে দল থেকে বহিষ্কার এবং তাকে আইনের আওতায় আনার দাবি জানান।
স্থানীয়রা জানান, সোমবার বিকেলে শিবলি সাদিক ভেকু দিয়ে ঈদগাহ মাঠের পাশের মাটি কাটতে গিয়ে মাঠের অংশেও মাটি কেটে ফেলেন। এতে বাধা দিলে তার লোকজন গ্রামবাসীর ওপর হামলা চালায়। এ ঘটনায় ঈদগাহ কমিটির সাধারণ সম্পাদক রোকুনুজ্জামান রনি, আনোয়ার হোসেন, গোলাম মওলা, রুবেল মণ্ডলসহ কয়েকজন আহত হন। ক্ষুব্ধ গ্রামবাসী পরে মহাসড়ক অবরোধ করলে পুলিশ ও প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে শিবলি সাদিক দাবি করেন, তিনি তার নিজস্ব জমি ভরাট করছিলেন এবং তাকে হেয় করতে পরিকল্পিতভাবে এই আন্দোলন করা হচ্ছে। তবে উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সাইদ বলেন, ব্যক্তির অপরাধের দায় দল নেবে না বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ফুলবাড়ী থানা পুলিশ ঘটনাস্থল থেকে ভেকুটি জব্দ করেছে এবং এক ইটভাটা ম্যানেজারকে আটক করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ ও উপজেলা প্রশাসন।