প্রকাশ: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ৭:১৪ পিএম (ভিজিট : ৮৯)

X
টঙ্গীতে পৃথক দুটি স্থান থেকে অজ্ঞাত দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা পুলিশ। বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
টঙ্গী পশ্চিম থানা পুলিশ জানায়, বিকালে মিলগেট এলাকা থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। প্রথমে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি, পরে সিআইডির প্রযুক্তির মাধ্যমে মরদেহের পরিচয় নিশ্চিত করা হয়। নিহতের নাম নিজাম উদ্দিন (৩১), বাড়ি কক্সবাজার জেলার কসবা উপজেলার পূর্ব পাড়া (মূলগ্রাম) এলাকায়। মরদেহ স্থানীয় হাসপাতালে রাখা হয়েছে। স্বজনরা যোগাযোগ না করলে ময়নাতদন্তের পর আইনানুগ প্রক্রিয়ায় হস্তান্তর করা হবে।
ওসি হারুনুর রশিদ জানিয়েছেন, মরদেহ শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।
একইদিনে সকালে টঙ্গী বাজার ফ্লাইওভারের সিঁড়ির নিচ থেকে পরিচয়হীন এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। নিহতের বয়স আনুমানিক ৬০ বছর। তার পোশাক ছিল প্যান্ট ও সোয়েটার, কিন্তু কোনো পরিচয়পত্র পাওয়া যায়নি।
টঙ্গী পূর্ব থানার এসআই মোসাব্বির হোসেন বলেন, এখনও মৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ পাঠানো হয়েছে। রিপোর্টের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।