প্রকাশ: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ৮:৫০ পিএম (ভিজিট : ৯৭)

X
আগামী ৬ ডিসেম্বর সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে ৮ দলের সমাবেশ সফল করার লক্ষ্যে কুলাউড়ায় প্রচার মিছিল ও পথসভা করেছে জামায়াতে ইসলামী।
বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে শহরে মিছিল শেষে স্টেশন চৌমুহনীতে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আমির ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আব্দুল মুনতাজিমের সভাপতিত্বে এবং সেক্রেটারি প্রভাষক বেলাল আহমেদ চৌধুরীর সঞ্চালনায় মিছিলে অংশ নেন উপজেলা জামায়াতের নায়েবে আমির ও পৌর মেয়র পদপ্রার্থী মো. জাকির হোসেন, সহকারী সেক্রেটারী সাইফুল ইসলাম খান ও মো. আলাউদ্দিন, অর্থ সম্পাদক শফিক মিয়া, উপজেলা কর্মপরিষদ সদস্য ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রাজানুর রহিম ইফতেখার, তরিকুল ইসলাম খান, উপজেলা ছাত্রশিবির সভাপতি তিহান তালুকদারসহ জামায়াত-শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পথসভায় অধ্যাপক আব্দুল মুনতাজিম বলেন, বাংলাদেশের মানুষ বিগত ৫৪ বছরে প্রকৃত স্বাধীনতার স্বাদ থেকে বঞ্চিত ছিলেন। গত জুলাই বিপ্লবের মাধ্যমে জনগণ স্বাধীনতা অর্জন করলেও তার বাস্তব প্রয়োগ এখনো হয়নি। জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া হলেও তা বাস্তবায়ন বাকি রয়েছে।
তিনি আরও বলেন, দেশে একটি গোষ্ঠী সন্ত্রাস, চাঁদাবাজি, গুম-খুন এবং ধর্ষণের রাজত্ব কায়েমের অপচেষ্টা চালাচ্ছে। তাদেরকে আমরা স্পষ্টভাবে বলতে চাই, কু-রাজনীতি পরিহার করে সুস্থ ধারার রাজনৈতিক পরিবেশ তৈরি করুন।