প্রকাশ: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ১১:৫৭ এএম (ভিজিট : ১২৮)

X
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার খান্দারপাড়া ইউনিয়নের কেন্দুয়া গ্রামে বাংলাদেশ কম্প্রিহেনসিভ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ব্যাকডো) বিশেষ সম্মেলন–২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ৯টায় ব্যাকডো’র কেন্দ্রীয় আহ্বায়ক ব্যারিস্টার কাজী এম. এ. আনোয়ারের বাড়ি প্রাঙ্গণে অনুষ্ঠিত এ আয়োজনকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
ব্যারিস্টার-অ্যাট-ল (গ্রে’স ইন, যুক্তরাজ্য), নন-ফিকশন লেখক ও মানবাধিকার সংগঠক ব্যারিস্টার কাজী এম. এ. আনোয়ার বলেন, “দক্ষ ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করতে হলে শিক্ষক সমাজকে প্রাপ্য মর্যাদা দিতে হবে। শিক্ষা উন্নয়নই দেশের সমৃদ্ধির প্রধান পথ, আর ব্যাকডো সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।”তিনি ঘোষণা করেন, ব্যাকডো শিগগিরই একটি যাকাত ফান্ড গঠন করবে, যা দিয়ে এলাকার অসহায় ও প্রান্তিক মানুষদের স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হবে।
তাঁর ভাষায়, “আগামী ১০ বছরের মধ্যে যেন এলাকায় কোনো অসহায় বা দরিদ্র মানুষ না থাকে- এটাই আমাদের লক্ষ্য।”
ব্যারিস্টার আনোয়ার আরও জানান, ব্যাকডো একটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন।সুবিধাবঞ্চিত ও নির্যাতিত নারীদের বিনামূল্যে আইনগত সহায়তা প্রদানও এর অন্যতম লক্ষ্য।
সম্মেলনে গোপালগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়াও মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া, সাধারণ সম্পাদক কাজী ওহিদুল ইসলামসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা অংশ নেন।