প্রকাশ: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ৩:০৮ পিএম আপডেট: ০৬.১২.২০২৫ ৩:১১ পিএম (ভিজিট : ১১৭)

X
উজিরপুরে শীতের তীব্রতা বাড়তে থাকায় রাতজাগা শ্রমজীবী মানুষের কষ্টও দিন দিন গভীর হচ্ছে। জীবিকার তাগিদে যারা গভীর রাতেও মাঠে-ঘাটে, কর্মস্থলে পরিশ্রম করে যাচ্ছেন- তাদের জীবনযাত্রায় খানিক উষ্ণতা যোগ করতে মানবিক উদ্যোগ নিয়ে মাঠে নেমেছেন উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ আলী সুজা।
শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে তিনি এসব পরিশ্রমী শ্রমজীবী মানুষের হাতে শীতবস্ত্র ও উষ্ণ কম্বল তুলে দেন। প্রচণ্ড শীতের কামড়ে কাঁপতে থাকা মানুষের মুখে সামান্য স্বস্তি এনে দিতে তার এই উদ্যোগ স্থানীয়দের মাঝে প্রশংসার জোয়ার তোলে।
শ্রমজীবী মানুষের প্রতি সহমর্মিতা প্রকাশ করে উপজেলা নির্বাহী অফিসার বলেন,“মানুষ মানুষের জন্য এই বিশ্বাস থেকেই আমরা প্রতিটি শীতার্ত মানুষের পাশে থাকতে চাই।”
তার এই মানবিক কার্যক্রম উপস্থিত সবার মাঝে ছড়িয়ে দেয় সহমর্মিতা, দায়িত্ববোধ ও সমাজের প্রতি অঙ্গীকারের বার্তা। এলাকাবাসী তার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, উপজেলার প্রশাসনিক দায়িত্ব সামলানোর পাশাপাশি মানবিকতার আলো ছড়িয়ে দেওয়া সত্যিই প্রশংসনীয়।
শীতার্ত মানুষের জন্য এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি উজিরপুরে এক ইতিবাচক ও অনুপ্রেরণাদায়ী সামাজিক দৃষ্টান্ত হয়ে থাকবে।