শনিবার (৬ ডিসেম্বর) সকালে প্রবীণ সেবা কেন্দ্রটি পরিদর্শন শেষে তিনি বলেন, “প্রবীণ সেবা কেন্দ্রের অসাধারণ কার্যক্রম দেখে আমি মুগ্ধ ও অনুপ্রাণিত হয়েছি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অন্যতম প্রধান কাজ হলো প্রবীণদের স্বাস্থ্যসেবায় সহায়তা করা। প্রবীণদের সুরক্ষায় বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশ সম্মত হয়েছে। প্রবীণদের সেবায় নবীন-প্রবীণ সবাইকে এগিয়ে আসতে হবে। পিতা-মাতা সন্তানদের যেভাবে লালন-পালন করেছেন, প্রবীণ বয়সে সন্তানদেরও সেভাবেই তাদের দেখভাল করতে হবে।”
এন্ডারলি কেয়ারের সভাপতি অধ্যাপক ড. ওয়াজিউল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে সঞ্চালনা করেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান। এতে বক্তব্য রাখেন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক আবু দাউদ মিয়া, কাতার চ্যারিটির কান্ট্রি ডিরেক্টর জাকারিয়া আল মোতায়ির, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম শিশির, টিএমএসএস’র অধ্যক্ষ প্রফেসর ডা. জাকির হোসেন, এন্ডারলি কেয়ার বাংলাদেশের মহাসচিব ব্রিগেডিয়ার ইকবাল হাসান, নাটোরের সিভিল সার্জন ডা. মো. মোক্তাদির আরেফিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ প্রমুখ।
অনুষ্ঠানের পূর্বে অতিথিরা উপজেলার যোগেন্দ্রনগর গ্রামের ১২৪ বছর বয়সী প্রবীণ আব্বাস উদ্দিনের বাড়িতে গিয়ে খোঁজখবর নেন এবং উপহারসামগ্রী প্রদান করেন। অনুষ্ঠান শেষে তাঁরা প্রবীণ স্বাস্থ্যকেন্দ্রে উপস্থিত শতবর্ষী প্রবীণদের সমস্যার কথা শোনেন এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদানের ব্যবস্থা করেন।
উল্লেখ্য, পাঁচ বছর আগে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমানের নেতৃত্বে ও যাকাত ফান্ডের অর্থায়নে এই প্রবীণ স্বাস্থ্যকেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, বিনামূল্যে ওষুধ, শীতবস্ত্র, খাদ্যসহ নানা ধরনের সেবা দিয়ে ইতোমধ্যে দেশজুড়ে সুনাম অর্জন করেছে।