প্রকাশ: রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ১১:৪৫ এএম (ভিজিট : ১২৩)

X
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার চাওচা গ্রামে ১৩ বছরের এক শিশুকন্যার বাল্যবিবাহের উদ্যোগ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। ইমানউদ্দিন সেখ তার মেয়ে জাফরিন ইসলাম মিমের (বয়স ১৩ বছর ৩ মাস ২৫ দিন) বিয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, যে বয়সে তার স্কুল, বই আর স্বপ্ন নিয়ে ব্যস্ত থাকার কথা।
গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল হাছনাত বিষয়টি জানতে পারেন। পরে তার নির্দেশে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা রহমান, গ্রাম পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে গতকাল ঘটনাস্থলে অভিযান পরিচালনা করা হয়। সেখানে গিয়ে বাল্যবিবাহের সত্যতা পাওয়া গেলে বিয়ের প্রস্তুতি বন্ধ করে দেওয়া হয়।
মিমের বাবা ইমানউদ্দিন সেখ ভবিষ্যতে আর এমন কাজে জড়াবেন না মর্মে মুচলেকা দিতে বাধ্য হন।
ইউএনও আবুল হাছনাত বাংলাদেশ বুলেটিনকে বলেন,“একজন নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তি আমাদের বিষয়টি জানান। যাচাই করতে গিয়ে ঘটনাটি সত্য প্রমাণিত হয়। পরে আইন অনুযায়ী ব্যবস্থা নিয়ে বিয়ের প্রস্তুতি বন্ধ করা হয়েছে।”
তিনি আরও বলেন, “বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। যেকোনো মূল্যে এটি প্রতিরোধ করা হবে।”
বাংলাদেশে প্রচলিত বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ এ মেয়েদের বিবাহের সর্বনিম্ন বয়স ১৮ বছর। এই বয়সের নিচে বিয়ে দেওয়া বা তাতে সহযোগিতা করা দণ্ডনীয় অপরাধ।
প্রশাসনের তৎপরতায় মিম আপাতত অকালবিয়ে থেকে রক্ষা পেলেও স্থানীয়দের মতে, এলাকাজুড়ে সচেতনতা বাড়ানো না গেলে এমন ঘটনা থামানো কঠিন হবে।