প্রকাশ: রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ৩:২৩ পিএম (ভিজিট : ৯৪)

X
গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানার আমবাগ নজরদিঘী এলাকায় আগুন লেগে চারটি ঝুট গুদাম পুড়ে গেছে। রোববার (৭ ডিসেম্বর) সকালে ওই আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আমবাগ নজরদীঘি এলাকায় প্রথমে একটি ঝুট গুদামে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন শাহাদাত হোসেন, সানাউল্লাহ ও আবু সাঈদের সহ চারটি ঝুট গুদামে ছড়িয়ে পড়ে। এসময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ও চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। পরে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুনে টিনশেডের চারটি গুদাম ও ঝুট মালামাল পুড়ে গেছে। এতে আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।
কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের পরিদর্শক সাইফুল ইসলাম জানান, ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কর্মীরা প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ঝুটের চারটি গুদাম ও মালামাল পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।