সুনামগঞ্জের শাল্লা থানার দায়িত্ব ছেড়ে গেছেন অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম। দায়িত্বশীলতা, মানবিকতা ও ন্যায়নিষ্ঠ কাজের মাধ্যমে তিনি শাল্লা উপজেলায় যে আস্থার পরিবেশ সৃষ্টি করেছিলেন, বিদায়ের মুহূর্তে সেই কারণেই আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়।
রবিবার (৭ ডিসেম্বর) সকাল ১১টায় শাল্লা থানা প্রাঙ্গণে তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসআই সঞ্জয় সরকার, এসআই কামাল হোসেন, এসআই তারেক নাজির, এএসআই নিজাম মিয়া, এএসআই আজাহারুল, এএসআই জাকির হোসেন, এএসআই ফুলন চন্দ্র দেব, এএসআই আবু হানিফসহ থানার অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, কনস্টেবলবৃন্দ, এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।
বিদায়ী অনুষ্ঠানে বক্তারা বলেন, ওসি শফিকুল ইসলামের নেতৃত্বে শাল্লা থানা আইনশৃঙ্খলা রক্ষা, মাদকবিরোধী অভিযান এবং জনসেবামূলক কর্মকাণ্ডে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। তিনি সকলের সঙ্গে সমন্বয় রেখে দায়িত্ব পালন করায় থানার প্রতি সাধারণ মানুষের আস্থা আরও দৃঢ় হয়েছে।
বিদায় বক্তব্যে ওসি শফিকুল ইসলাম শাল্লাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “শাল্লা থানা আমার কাছে শুধু একটি কর্মস্থল নয়, এটি ভালোবাসার জায়গা। এখানকার মানুষের আন্তরিকতা ও সহযোগিতা আমাকে সবসময় দায়িত্ব পালনে সাহস ও অনুপ্রেরণা দিয়েছে।”
অনুষ্ঠান শেষে সহকর্মীরা তার নতুন কর্মস্থলের জন্য শুভকামনা জানান। স্থানীয় বাসিন্দারাও একজন মানবিক ও দায়িত্বশীল পুলিশ কর্মকর্তাকে হারানোর বেদনা প্রকাশ করেন।