প্রকাশ: রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ৫:০০ পিএম (ভিজিট : ৪৪)

X
হাটহাজারীতে থামছে না সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মিছিল। গত এক সপ্তাহে নারীসহ পাঁচজন নিহত হয়েছেন। সর্বশেষ রোববার হাটহাজারী-নাজিরহাট আঞ্চলিক সড়কের বুড়িপুকুর পাড় এলাকায় চাঁদের গাড়ি ও মোটরসাইকেলের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দল নেতা মো. এমরান চৌধুরী (৩৮) নিহত হন। গুরুতর আহত হন আরিফ নামের আরেক যুবক, তিনি চমেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি দোকানে চা পান শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন তারা। এ সময় উত্তর দিক থেকে আসা কাঠবোঝাই একটি চাঁদের গাড়ি তাদের সজোরে ধাক্কা দিলে দু’জনই ছিটকে পড়ে যান। ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক এমরানকে মৃত ঘোষণা করেন।
এমরান মির্জাপুর ইউনিয়নের চারিয়া শিকদার পাড়ার মৃত বাদশাহ সারাংয়ের পুত্র। তিনি স্থানীয় ব্রিক ফিল্ড সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। রোববার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে শুক্রবার ফরহাদাবাদ স্কুলের সামনে হাইস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে হাইস চালক মো. কাউসার (২৯) নিহত হন। বৃহস্পতিবার কাটিরহাট দরগাহ সড়কে পিকআপের ধাক্কায় আব্দুর রাজ্জাক (৬৩) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়। বুধবার চারিয়া মাদ্রাসার সামনে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। সোমবার ফরহাদাবাদে কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মোহাম্মদ কাঞ্চন (২০) নিহত হন।
নাজিরহাট হাইওয়ে থানার পুলিশ জানিয়েছে, ইতিমধ্যে তিনটি মামলার কার্যক্রম চলছে এবং ছয়টি গাড়ি জব্দ করা হয়েছে। স্থানীয়রা দ্রুত সড়কে ডিভাইডার স্থাপন ও চার লেনে উন্নীত করার দাবি জানিয়েছেন।