নীলফামারীর সৈয়দপুর শহরে রেলওয়ে মালিকাধীন জমি দখলে নিয়ে অবৈধভাবে বহুতল ভবন নির্মাণের অভিযোগে দুদক আবারো চারজনের বিরুদ্ধে মামলা করেছে। দুর্নীতি দমন কমিশন (দুদক), রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. ফেরদৌস রায়হান বকসী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার অভিযুক্তরা হচ্ছেন- হোটেল আমজাদিয়া ইন্টারন্যাশনালের স্বত্তাধিকারী আমিনুল ইসলাম, সৈয়দপুর পৌরসভার সাবেক কাউন্সিলর মো. শাহিন আকতার, সাবেক উপ-সহকারী প্রকৌশলী ও বর্তমানে নীলফামারী পৌরসভার সহকারী প্রকৌশলী এস, এম, মোর্শেদুল ইসলাম এবং সাবেক সহকারী প্রকৌশলী ও বর্তমানে নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম।
মামলায় অভিযোগ আনা হয়েছে, তারা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে রেলওয়ের জমিতে বহুতল ভবন ও স্থায়ী স্থাপনা নির্মাণে সহায়তা করেছেন। দুদক সমন্বিত জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, এই বহুতল ভবন নির্মাণের প্রকল্পটি অবৈধভাবে পরিচালিত হয় এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা আইনি বিধি উপেক্ষা করেছেন।
তৎকালীন সহকারী পরিচালক হোসাইন শরীফ বিষয়টি ব্যাপকভাবে অনুসন্ধান করেন। এরপর গত ২৬ নভেম্বর মামলাটি দায়ের করা হয়। মামলায় দণ্ডবিধির ৪০৯/৪২০/৪৭৭(ক)/১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারার ভিত্তিতে অভিযোগ আনা হয়েছে। পরবর্তীতে মামলার নথিপত্র নীলফামারী সিনিয়র বিশেষ জজ আদালতে দাখিল করা হয়েছে।
দুদক সূত্রে জানা গেছে, এটি নীলফামারীর সৈয়দপুর শহরে রেলওয়ে মালিকাধীন জমিতে অবৈধ বহুতল ভবন নির্মাণ সংক্রান্ত মোট পাঁচটি মামলার মধ্যে একটি। দুদক এ ধরনের অনিয়মের বিরুদ্ধে তৎপরতা অব্যাহত রাখছে এবং সংশ্লিষ্টদের আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছে।