প্রকাশ: রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ৭:২৮ পিএম (ভিজিট : ১৮৩)

X
রাউজান ডাবুয়া মন্দাকিনী সেবাশ্রমের পেছনের রাবার বাগানের টিলা ও মাটি নির্বিচারে কেটে নেওয়া হচ্ছে। পাশাপাশি বাগানের গাছও কেটে উজাড় করা হচ্ছে। এমন পরিস্থিতি দেখা যায় শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে স্থানীয়রা বাগান পরিদর্শন করলে।
বাগানের ভেতরে টিলা ভুমিতে অন্য প্রজাতির গাছের বাগানও ছিল। কয়েকজন শ্রমিক ওই বাগান থেকে গাছ কাটছিলেন। শ্রমিকদের সঙ্গে থাকা মোহাম্মদ মুছা জানান, হেলে পড়া গাছ তিনি ইটভাটার জ্বালানির জন্য কিনে নিয়ে যাচ্ছেন। তিনি দাবি করেন, বাগানটি মিয়া মেম্বারের।
পরিদর্শনকালে দেখা যায়, বাগানের ভিতরে একটি খাটপোড়া রাখা রয়েছে, যেখানে রাতভর মাটি কাটা ও ট্রাকে সরবরাহ তদারকি করা হয়। সন্ধ্যার পর স্কেলেভেটর আনা হয় এবং মাটি কেটে ট্রাকে তুলে বিভিন্ন স্থানে নিচু এলাকা ভরাট কাজে ব্যবহার করা হচ্ছে। ইতিমধ্যে কয়েক একর টিলা ভুমি কেটে নেওয়া হয়েছে এবং বহু রাবার গাছও উজার করা হয়েছে।
স্থানীয়রা জানান, বাগানের ভিতরে বালু উত্তোলনের জন্য ফাঁদ তৈরি করা হয়েছে। ফাঁদে আটকে পড়া বালু সংগ্রহ করে বাগানের ভিতর পাহাড়ের মতো গড়ে তোলা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, মাটি ও বালুব্যবসায় জড়িতদের কর্মকাণ্ড পরিবেশ ও রাবার বাগানের জন্য ক্ষতিকর।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তারা দাবি করছেন, বন ও কৃষি আইন অনুযায়ী মাটি ও গাছ কেটে নেওয়ার ক্ষেত্রে উপযুক্ত অনুমতি ছাড়া এই কর্মকাণ্ড বন্ধ করা উচিত।