“পরিচ্ছন্ন পৌরসভা, সুস্থ নাগরিক জীবন” এই স্লোগানকে সামনে রেখে পরিচ্ছন্নতা পক্ষ (৮-২২ ডিসেম্বর) উপলক্ষে সুনামগঞ্জে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে এ সমাবেশের আয়োজন করে সুনামগঞ্জ পৌরসভা।
পৌরসভার হিসাব রক্ষক কর্মকর্তা সন্তোষ কুমার দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। পৌরসভা প্রশাসক মো. মতিউর রহমান খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা, সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলাম এবং সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পৌরসভা প্রশাসক মো. মতিউর রহমান খান।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, প্রায় আড়াই লাখ মানুষের এই পৌরসভায় মাত্র ৫০ জনের মতো পরিচ্ছন্নতা কর্মী দিয়ে পুরো শহর পরিষ্কার রাখা সম্ভব নয়। পৌর এলাকার প্রত্যেক বাসিন্দাকে নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা বজায় রাখতে ভূমিকা রাখতে হবে। পৌরসভার প্রতিটি নাগরিকের সম্মিলিত দায়িত্বই পারে একটি পরিচ্ছন্ন শহর গড়ে তুলতে।
অন্যান্য বক্তারা বলেন, সুনামগঞ্জ একটি প্রাকৃতিক সৌন্দর্যবেষ্টিত শহর। এ পৌরসভার কার্যক্রম অন্যান্য পৌরসভার তুলনায় উন্নত। পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীসহ সকল কর্মকর্তা-কর্মচারী নিয়মিতভাবে পৌরবাসীর সেবায় কাজ করে যাচ্ছেন। তারা সাধারণ নাগরিকদের উদ্দেশ্যে বলেন, পরিবেশ রক্ষায় নিজেরা সচেতন হোন এবং সন্তানদেরও পরিবেশবান্ধব করে গড়ে তুলুন।
উন্মুক্ত আলোচনা পর্বে নাগরিকরা বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রধান, গণমাধ্যমকর্মী, রেস্টুরেন্ট মালিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে শিল্পকলা একাডেমি থেকে বিহারী পয়েন্ট পর্যন্ত একটি বিশাল র্যালি অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ১৯১৯ সালে প্রতিষ্ঠিত সুনামগঞ্জ পৌরসভা বর্তমানে ৩২.১৭ বর্গকিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত। ‘ক্লিন সুনামগঞ্জ’ গড়ে তুলতে পৌরসভা কর্তৃপক্ষ ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।