প্রকাশ: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ১:৩৩ পিএম (ভিজিট : ৯৩)

X
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও গ্রামে পূর্ব বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে রাসেল মিয়া (৪০) নামে এক ব্যক্তি নিহত ও উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। নিহত রাসেল মিয়া আজমিরীগঞ্জ উপজেলার কুমেদপুর গ্রামের সুজাত মিয়ার ছেলে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় থেকে বেলা ১১টা পর্যন্ত জেলার আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও খেলার মাঠ সংলগ্ন এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের আনন্দপুর গ্রামের আল কোরআন সওদাগরের সঙ্গে কুমেদপুর গ্রামের হান্নান মিয়ার পূর্ব বিরোধ ছিল। এরই জের ধরে সোমবার সন্ধ্যায় (৮ ডিসেম্বর) কাকাইলছেও বাজারে উভয়পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এসময় একে অপরের কয়েকটি ব্যবসা প্রতিষ্টান হামলা চালিয়ে ভাংচুর লুটপাট করে। এতে অন্তত ১০ জন আহত হয়।
এরই জের ধরে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে উভয়পক্ষের লোকজন কাকাইলছেও খেলার মাঠ সংলগ্ন এলাকায় আবারো সংঘর্ষে লিপ্ত হয়। এতে রাসেল মিয়া (৪০) সহ অন্তত: ৩০ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় রাসেল মিয়াকে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, আহতদের মধ্যে অন্তত ৫ জনকে ভর্তির জন্য আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে নিহতের পক্ষের লোকজন তাদের ধাওয়া করে একজনকে মারপিট করে। যে কারণে তারা হাসপাতালে ভর্তি হতে পারেনি।
এ ব্যাপারে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন বরেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ফের সঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।