
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ১০ ডিসেম্বর বুধবার জাঁকজমকপূর্ণভাবে পালন করা হয়েছে ঘাটাইল হানাদারমুক্ত দিবস। দিবসটি উপলক্ষে সকালে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
সকাল ৯টা ৩০ মিনিটে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। এরপর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ঘাটাইল উপজেলা কমান্ডের আহ্বায়ক কমিটির আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ মাহবুবুল চাঁন মিয়া।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবু সাঈদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহিদুর রহমান, ঘাটাইল থানার উপপরিদর্শক (এসআই) মোখলেছুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন এবং সাবেক ডেপুটি কমান্ডার মোঃ শাহনেওয়াজ প্রমুখ।
কর্মসূচিতে মুক্তিযোদ্ধা, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।