যীশু খ্রিষ্টের জন্মতিথি উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুরে বড়দিনকে সামনে রেখে নানা আয়োজনে প্রাক বড়দিন উৎসব পালিত হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে ‘রুশা বাংলাদেশ’-এর উদ্যোগে আলোচনা সভা এবং গারো উদ্যোক্তাদের মাঝে উপহার সামগ্রী বিতরণের মাধ্যমে এ উৎসব উদযাপন করা হয়।
বিরিশিরি কারিগরি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুশার নির্বাহী পরিচালক এম এন আলম। পাস্টার পঙ্কজ মারাক অনুষ্ঠানের সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেভারেন্ট ফাদার পাওয়েল কচিওলেক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন রেভারেন্ট সার্জেন্ট রিছিল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ সাফিয়া সুলতানা, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, এনজিও সমন্বয় পরিষদের সভাপতি রুপন কুমার সরকার এবং পাস্টার সুমেন্ত চিরান।