আনোয়ারায় খামার বাড়িতে দিন দুপুরে আগুন
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ২:১৩ পিএম (ভিজিট : ১৯৮)

X
চট্টগ্রামের আনোয়ারায় দিন দুপুরে শত্রুতামূলক দেয়া আগুনে খামার বাড়ি পুড়ে গেছে বলে অভিযোগ উঠেছে। আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়া মাঝের চর এলাকায় আগুনের এ ঘটনা ঘটে। ঘটনাটি এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে। সচেতন মহলে আগুনের ঘটনা নানামুখী আলোচনা চলছে।
সূত্রে প্রকাশ আনোয়ারা উপজেলার মাঝেরচর এলাকায় মোহাম্মদ জামাল প্রকাশ বালি দুই বছর আগে খামার বাড়ি তৈরি করেন। মাঝেরচর ভাঙ্গাঘোনা হিসেবে পরিচিত খামার বাড়িতে থেকে মাছের চাষ করে আসছিল বালি। নিয়মিত জোয়ার ভাটায় সাগরের পানিতে জাল দিয়ে মাছ ধরছিল বালি । মাছ বিক্রি করে বালির সংসার চলে। গত বুধবার দুপুর ১ টায় দুর্বৃত্তদের দেয়া আগুনে খামার বাড়ি পুড়ে যায় বলে অভিযোগ রয়েছে । আগুনে খামারবাড়িসহ মাছ ধরার সরঞ্জাম পুড়ে ছাই হয়ে গেছে। এতে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে। অন্যদিকে জনৈক জব্বার ও শাহজাহান নামে দুই ব্যক্তির সামাজিক যোগাযোগ মাধ্যম তথা ফেসবুকে আগুনের ঘটনা ভিন্নভাবে প্রকাশ পেয়েছে। খামার বাড়ির মালিক মোহাম্মদ জামাল প্রকাশ বালি জানায় মাঝেরচর পিডিবি জায়গা।
মৌখিক অনুমতি নিয়ে সেখানে ২ লাখ টাকা খরচ করে খামার বাড়ি গড়ে মাছের চাষ করছিলাম। আমরা অসহায় মানুষ। কোথাও যাবার জায়গা নেই। কষ্ট করে সংসার চলছে। জাল দিয়ে মাছ ধরে বিক্রি করে সংসার চালাচ্ছি। একটি পক্ষ থেকে আমাকে নানান ভাবে হুমকি দেয়া হয় খামারবাড়ি থেকে উঠিয়ে চলে যেতে। ওরা আমার থেকে মাছ নিয়ে যায়। তাছাড়া চাঁদা দাবি করেছে। সেনাবাহিনীকে জানানোর পর কিছুদিন বন্ধ থাকে তাদের কার্যক্রম। বুধবার দুপুরে আগুন দিয়ে খামার বাড়ি জ্বালিয়ে দেয়া হয়। ৬টি বড় মাছ ধরার জাল পুড়ে গেছে। আগুনের ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বিষয়টি সমাজের গণ্যমান্য ব্যক্তিদেরকে জানিয়েছি। আইন প্রয়োগকারী সংস্থাকে লিখিতভাবে জানাব। খোঁজ নিয়ে জানা যায় মাঝেরচর সরকারি জায়গা। একটি পক্ষ জায়গাটি নিয়ন্ত্রণ নেয়ার জন্য চেষ্টায় চালাচ্ছে। যেকোনো সময় অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কা করা হচ্ছে।