প্রকাশ: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ৫:৩৭ পিএম আপডেট: ১২.১২.২০২৫ ৯:৪৭ পিএম (ভিজিট : ১৯২)

X
গোপালগঞ্জ টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ফোরকান বিশ্বাসকে সহিংসতা মামলার চার্জশিটভুক্ত আসামি হিসেবে সিলেটের শ্রীমঙ্গল থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
গত ১৬ জুলাই ২০২৫, গোপালগঞ্জে এনসিপি’র একটি পদযাত্রাকে কেন্দ্র করে সংঘর্ষ ও সহিংসতা ছড়িয়ে পড়ে। এতে ব্যাপক ভাঙচুর, পুলিশের ওপর হামলা এবং অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়।
ঘটনার জেরে ২৯ জুলাই ২০২৫, গোপালগঞ্জ সদর থানায় পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) মতিয়ার মোল্লা বাদী হয়ে ৪৪৮ জনের নাম উল্লেখ করে ও ৪ থেকে ৫ হাজার অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেন।
গোপালগঞ্জ সদর থানার ৩১/২৫ নং মামলার ৩০২ নং আসামি,মোঃ ফোরকান বিশ্বাস কে গত ৯ ডিসেম্বর ২০২৫ তারিখে সিলেট শ্রীমঙ্গল থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ। পরে গোপালগঞ্জ সদর থানার পুলিশ গতকাল ১০ ডিসেম্বর থানায় এনে আইনি প্রক্রিয়া শেষ করে বৃহস্পতিবার বেলা ১১ঃ০০ টার সময় আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।
পুলিশ জানায়, অন্যান্য আসামিদেরও শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, ফোরকান বিশ্বাসের গ্রেফতারের খবর এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানা যায়নি।