প্রকাশ: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ১২:০৬ পিএম আপডেট: ১৩.১২.২০২৫ ১:০৫ পিএম (ভিজিট : ৬১)

X
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির ১ নম্বর সদস্য এবং মানিকগঞ্জ-১ (দৌলতপুর-ঘিওর-শিবালয়) আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এস. এ. জিন্নাহ কবির আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, “আমি নির্বাচিত হলে অবহেলিত জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে কাজ করবো। যমুনা নদীর ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ করবো। পাশাপাশি রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠান এবং স্বাস্থ্যসেবা খাতের উন্নয়নে অগ্রাধিকার দেবো।”
তিনি আরও বলেন, বিএনপির সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাইতে হবে। সকল ভেদাভেদ ভুলে দলীয় প্রতীক ধানের শীষকে বিজয়ী করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনগণের সামনে তুলে ধরে ভোট চাওয়ার নির্দেশনা দেন।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ৮টায় মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়নের বহড়া গ্রামে শাহ সুফি হযরত মজিদ ফকির আল চিশতি (রহ.) এর ৪৬তম ওরশ মোবারক উপলক্ষে আয়োজিত সমাবেশ ও নির্বাচনী প্রচারণা পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে কয়েক হাজার নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
এ সময় তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে গড়া বিএনপির ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে সরকার গঠন করলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী দিনে প্রধানমন্ত্রী হবেন। তিনি বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন উল্লেখ করে তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন। একই সঙ্গে তারেক রহমানের জন্যও দোয়া চান।
সমাবেশে উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক কাজী মুস্তাক হোসেন দিপু, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট মাকসুদুর রহমান মুকুল, দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজ, জেলা বিএনপির সাবেক কৃষিবিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির সহ-সভাপতি এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. লোকমান হোসেন, জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মো. মাসুদুর রহমান মাসুদ, দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান আনিসসহ বিএনপি ও অঙ্গসংগঠনের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী।