প্রকাশ: রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ১:৫৪ পিএম (ভিজিট : ১৪৪)

X
হবিগঞ্জের লাখাই উপজেলায় অবৈধভাবে মজুদ করা ১৫৮ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন।
শনিবার বিকেলে উপজেলার মোড়াকরি বাজারে ডিলার শিপন ট্রেডার্সের মালিক সনজিত পালের একটি দোকান থেকে এসব সার জব্দ করা হয়।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, জব্দকৃত ১৫৮ বস্তা সারের মধ্যে রয়েছে ৭৯ বস্তা এমওপি সার, যার সরকারি বাজার মূল্য ৭৯ হাজার টাকা; ৬৮ বস্তা ইউরিয়া সার, যার সরকারি বাজার মূল্য ৯১ হাজার ৮০০ টাকা এবং ১১ বস্তা টিএসপি সার, যার সরকারি বাজার মূল্য ১৪ হাজার ৮৫০ টাকা। সব মিলিয়ে জব্দকৃত সারের মোট সরকারি বাজার মূল্য দাঁড়ায় ১ লাখ ৮৫ হাজার ৬৫০ টাকা।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শাহাদুল ইসলাম জানান, পার্শ্ববর্তী উপজেলা ও জেলায় সার পাচার রোধে তিনি মোড়াকরি বাজারে পরিদর্শনে যান। এ সময় একটি চা স্টলে অবস্থানকালে একটি বন্ধ দোকানের সামনে কয়েকটি সারের দানা পড়ে থাকতে দেখে তাঁর সন্দেহ হয়। বিষয়টি তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলামকে অবহিত করেন। পরে ইউএনওর নির্দেশে পুলিশের সহযোগিতায় দোকানের তালা খুলে ভেতরে অবৈধভাবে মজুদ করা ১৫৮ বস্তা সার উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, জব্দকৃত সার সংশ্লিষ্ট ইউনিয়নের কৃষকদের মাঝে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হবে এবং বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।
এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, লাখাই উপজেলার সার কোনোভাবেই অন্য উপজেলা বা জেলায় পাচার করতে দেওয়া হবে না। সার পাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।