প্রকাশ: রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ২:৪৭ পিএম আপডেট: ১৪.১২.২০২৫ ২:৫০ পিএম (ভিজিট : ১৫৮)

X
মহান মুক্তিযুদ্ধে বিজয়ের প্রাক্কালে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। দিবসটি উপলক্ষে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ৯ টা থেকে সাতক্ষীরা শহরের শহীদ আব্দুল রাজ্জাক পার্কে অবস্থিত শহীদ মিনারে বীর শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান জেলা প্রশাসক আফরোজা আখতার, সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল (বিপিএম) ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ।
পরে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার। আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাক-হানাদার বাহিনী ও তাদের দোসররা পরিকল্পিতভাবে বুদ্ধিজীবীদের হত্যা করে সদ্য স্বাধীন বাংলাদেশকে মেধাশূন্য করার ষড়যন্ত্র চালিয়েছিল।
তারা আরও বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের আদর্শ ও চিন্তা ধারণ করেই একটি মানবিক ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শাহীনুর চৌধুরীসহ জেলা পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।