প্রকাশ: রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ৫:২৬ পিএম (ভিজিট : ৩৯০)

X
পূর্বশত্রুতার জেরে গত ২৫ নভেম্বর বিকেলে সাঁথিয়া পৌরসভার কোনাবাড়ীয়া গ্রামের তোজাম্মেল হক মধুর ছেলে হাসিবুল খান রাব্বিকে সরকারি হাইস্কুল মাঠে মারধরের ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, পৌরসভার পিপুলিয়া গ্রামের কয়েকজন ব্যক্তি তাকে মারধর করলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসকদের ভাষ্যমতে, তার মাথায় সেলাই দিতে হয়েছে এবং হাতের একটি আঙুল ভেঙে গেছে।
রাব্বির পরিবার জানায়, ঘটনার দিন রাতেই থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও এখনো মামলা রেকর্ড হয়নি। তাদের দাবি, অভিযুক্তদের মধ্যে রাজনৈতিক পরিচয়সম্পন্ন ও প্রভাবশালী ব্যক্তিরা থাকায় মামলা নিতে গড়িমসি করা হচ্ছে।
এ বিষয়ে সাঁথিয়া থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, অভিযোগে উল্লিখিত কয়েকজনের সংশ্লিষ্টতা প্রাথমিক তদন্তে পাওয়া যায়নি।
এদিকে উপজেলা প্রশাসনের এক আইনশৃঙ্খলা সভায় কয়েকজন বক্তা অভিযোগ করেন, সন্ধ্যার পর সাঁথিয়া বাজারের কয়েকটি এলাকায় মাদক কেনাবেচা সক্রিয় রয়েছে।
চুরির ঘটনাও বাড়ছে বলে জানা গেছে। গত ১১ ডিসেম্বর তেতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সাইদুল ইসলামের একটি মোটরসাইকেল চুরি হয়। একই দিন সাঁথিয়া উপজেলা চত্বরে একটি দোকান থেকে দেড় লাখ টাকা চুরির অভিযোগ পাওয়া যায়।
এর আগে, ৫ ডিসেম্বর দিবাগত রাতে সাঁথিয়া বাজারের প্রেস ক্লাবের পাশে মুন জুয়েলার্সে চুরির ঘটনা ঘটে। দোকানের পেছনের দরজা কেটে ভেতরে ঢুকে চোরেরা প্রায় ১১ লাখ টাকার স্বর্ণালংকার নিয়ে যায় বলে দোকান মালিক শিবলু সাদিক অভিযোগ করেন। সিসিটিভি ফুটেজে চোরদের চলাচল দেখা গেলেও এখনো কাউকে আটক করা যায়নি বলে তিনি জানান।