প্রকাশ: রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ৬:২১ পিএম (ভিজিট : ৭১)

X
মহান বিজয় দিবস উপলক্ষে প্রথমবারের মতো জেলা প্রশাসনের উদ্যোগে চট্টগ্রামের সিআরবিতে তিন দিনব্যাপী বিজয় মেলার আয়োজন করা হয়েছে। চট্টগ্রামের ‘ফুসফুস’ খ্যাত সিআরবির শিরীষতলায় বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে এ মেলার সূচনা হয়।
বিজয়ের চেতনা ছড়িয়ে দেওয়া এবং দেশীয় উদ্যোক্তাদের পণ্য প্রদর্শন ও বিক্রির সুযোগ করে দিতেই এ আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা। মেলায় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অংশগ্রহণে দেশীয় হস্তশিল্প, পোশাক, গৃহসজ্জা সামগ্রী, নকশিকাঁথা, গয়না, প্রসাধনীসহ নানা ধরনের পণ্যের স্টল বসানো হয়েছে। প্রতিটি স্টলে উদ্যোক্তাদের নিজস্ব তৈরি পণ্য ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করছে।
সকাল থেকে রাত পর্যন্ত মেলায় দর্শনার্থীদের ভিড় থাকবে বলে আশা করছেন আয়োজকরা। পরিবার-পরিজন নিয়ে নানা বয়সী মানুষ মেলায় এসে কেনাকাটার পাশাপাশি সময় কাটাচ্ছেন। বিশেষ করে তরুণ ও নারী উদ্যোক্তাদের সক্রিয় অংশগ্রহণ মেলায় নতুন মাত্রা যোগ করেছে। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ। এছাড়া উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ, চট্টগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান এবং জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, প্রাকৃতিক ও মনোরম পরিবেশে এ মেলার আয়োজন করা হয়েছে। এ ধরনের আয়োজন স্থানীয় উদ্যোক্তাদের উপকৃত করবে এবং দেশীয় পণ্যের প্রতি সাধারণ মানুষের আগ্রহ আরও বাড়াবে। পাশাপাশি ঐতিহাসিক বিজয় দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের মাঝে তুলে ধরাও এ মেলার অন্যতম লক্ষ্য।
তিন দিনব্যাপী এ বিজয় মেলা প্রতিদিন নির্দিষ্ট সময় পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। আয়োজকরা আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে আরও বড় পরিসরে এ মেলার আয়োজন করা হবে।