জামায়াত নেতাদের দাওয়াত দেওয়ায় নেত্রকোনার মোহনগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনাসভা বর্জন করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা। পরে শহরের স্টেশন রোডে মুক্তিযোদ্ধা সংসদের হলরুমে তাৎক্ষণিক জরুরি সংবাদ সম্মেলন ডাকেন তারা।
আজ রবিবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে ১১টার দিকে উপজেলার অডিটরিয়ামে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনাসভার আয়োজন করে প্রশাসন।
সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধারা বলেন, স্বাধীনতাবিরোধী জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দকে মঞ্চে স্থান দেওয়ায় আমরা আলোচনাসভা বর্জন করি। যারা আমাদের স্বাধীনতাযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের হত্যা করল, তাদের সঙ্গে আমরা বসতে পারি না। এখানে আমরা কোনো আপোস করতে পারি না।
মুক্তিযোদ্ধারা আরও বলেন, এর আগে আমরা উপজেলা প্রশাসনকে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনাসভায় জামায়াতকে না রাখতে ইউএনওর প্রতি অনুরোধ জানাই। কিন্তু আমাদের অনুরোধ তিনি রাখেননি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুন বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক সব রাজনৈতিক নেতৃবৃন্দকে দাওয়াত দিয়েছি। বীর মুক্তিযোদ্ধারা সভায় বিলম্বে যাওয়ায় আমাদের পাশেই তাদের জন্য আলাদা চেয়ারও রেখেছিলাম। কিন্তু তারা চেয়ারে না বসে ব্যস্ততা দেখিয়ে হলরুম ত্যাগ করেন।