প্রকাশ: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ১০:০৮ এএম আপডেট: ১৫.১২.২০২৫ ১০:৪৫ এএম (ভিজিট : ১৩৭)

X
খুলনার পূর্ব রূপসায় দুর্বৃত্তের গুলিতে সাগর শেখ নামে যুবকের মৃত্যু হয়েছে। রবিবার রাত সাড়ে ১০টার দিকে রূপসা সেতুর পূর্বপাশে জাপুসা চৌরাস্তা সিএনজি স্টেশনের পূর্ব পাশে এ ঘটনাটি ঘটে। নিহত যুবক গ্রীন বাংলা আবাসিকের পেছনের বাসিন্দা ফয়েক শেখের ছেলে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রূপসা থানার এসআই সৌরভদাশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত সাড়ে ১০টার দিকে সাগর বাড়ির দিকে যাচ্ছিল। পথিমধ্যে কয়েকজন যুবক তার গতি রোধ করে এলেপাথাড়ি গুলি করতে থাকে। একটি গুলি তার মাথায় এবং অপরটি তার হাটুতে লাগে। গুলির শব্দে আশাপাশের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
রূপসা থানার এএসআই গৌতম বলেন, গোলাগুলির শব্দ শুনতে পেয়ে ওই এলাকার বাসিন্দা আ: রহমান রাত ১০ টা ২০ মিনিটের দিকে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ ফোন দিয়ে ঘটনার বিস্তারিত জানায়। অতপর ৯৯৯ থেকে আবার আমাদের ফোন দিয়ে বিষয়টি জানানো হয়।
রূপসা থানার এসআই সৌরভ দাশ বলেন, রাতে জাপুসা এলাকায় ডিউটি করছিলাম। থানা থেকে ফোন আসলে ঘটনাস্থলে পৌছে বিষয়টি জানার চেষ্টা করি। পরে জানতে পারলাম তারা এখানে জায়গা কিনে নতুন বাড়ি করেছে। তবে কারা এবং কি কারণে তাকে হত্যা করা হয়েছে তার প্রকৃত কারণ তিনি বলতে পারেনি।
রূপসা থানার অফিসার ইনচার্জ আ: রাজ্জাক মীর বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। খুনীদের গ্রেপ্তারে আশপাশের এলাকায় অভিযান শুরু হয়েছে। বিষয়টি তদন্তনাধীন আছে।