প্রকাশ: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৬:৫৯ পিএম (ভিজিট : ৪৭)

X
নওগাঁর মান্দায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করা হয়েছে।
রোববার বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে মান্দা উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী।
সভায় সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ, সিনিয়র মৎস্য কর্মকর্তা দীপঙ্কর পাল, পরিবার পরিকল্পনা কর্মকর্তা খন্দকার শরিফুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমির ডা. আমিনুল ইসলাম, সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
তারা বলেন, বিজয়ের প্রাক্কালে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার, আল-বদর ও আল-শামস বাহিনী পরিকল্পিতভাবে শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক ও লেখকদের হত্যা করে জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্রে লিপ্ত হয়।
বক্তারা বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ ও অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয়। তাদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতিও গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
বক্তারা আরও বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবস কেবল স্মরণ নয়; নতুন প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরা এবং দেশপ্রেম ও দায়িত্ববোধ জাগ্রত করার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ।
আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ শহীদ মিনার চত্বরে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে মোমবাতি প্রজ্বালন করা হয়।