প্রকাশ: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ১০:৪৩ পিএম আপডেট: ১৬.১২.২০২৫ ১২:৩৬ এএম (ভিজিট : ২৩৪)

X
সুদানের আবেই এলাকায় সশস্ত্র গোষ্ঠীর হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয় জন শান্তিরক্ষী নিহত হয়েছেন। এচ ঘটনায় ফেসবুকে একটি তথ্য প্রচার করে দাবি করা হচ্ছে, পাকিস্তানের সেনাবাহিনীর কিউআরএফ কমান্ডোদের সহায়তায় ৪১ জন বাংলাদেশি সেনাসহ আরও ৮ জন গুরুতর আহত বাংলাদেশি সেনা উদ্ধার হয়েছে। এতে করে পাকিস্তানের সেনাবাহিনীর সহায়তায় রক্ষা পেলো ৪৯ জন বাংলাদেশি সেনার প্রাণ।
অনুসন্ধানে দেখা যায়, দাবিটি সঠিক নয়। বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এটি ভুয়া বলে জানানো হয়েছে।
দাবিটির সত্যতা যাচাইয়ে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট যাচাই করে দেখা যায়, এই দাবির বিপরীতে বিবিসি নিউজকে সূত্র হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে বিবিসি নিউজ ও বিবিসি বাংলার ওয়েবসাইট খুঁজে পাকিস্তানের সেনাবাহিনীর কিউআরএফ কমান্ডোদের সহায়তায় বাংলাদেশি সেনাদের উদ্ধারের ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি।
এ ঘটনা নিয়ে বিবিসি বাংলায় গত শনিবার প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। এতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআরকে উদ্ধৃত করে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজ সূত্রে বিবিসি বাংলা সুদানের আবেই এলাকায় সশস্ত্র গোষ্ঠীর হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয় জন শান্তিরক্ষী নিহত এবং আরো আট জন আহত হওয়ার তথ্য জানানো হয়েছে। পুরো প্রতিবেদনটিতে পাকিস্তানের সেনাবাহিনীর কিউআরএফ কমান্ডোদের সহায়তায় বাংলাদেশি সেনাদের উদ্ধারের ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি।
বাংলাদেশ সেনাবাহিনীর ফেসবুক পেইজে প্রকাশিত পোস্টেও প্রচারিত দাবিটির পক্ষে কোনো সত্যতা পাওয়া যায়নি।
সুদানে বাংলাদেশি সেনাদের হতাহতের এই ঘটনা নিয়ে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এসব প্রতিবেদনে কোথাও পাকিস্তানের সেনাবাহিনীর কিউআরএফ কমান্ডোদের সহায়তায় বাংলাদেশি সেনাদের উদ্ধারের ব্যাপারে কোনো উল্লেখ নেই।
জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ‘ইউনাইটেড নেশনস ইন্টারিম সিকিউরিটি ফোর্স ফর আবেইর (UNISFA)‘ ওয়েবসাইটেও শান্তিরক্ষীদের ওপর হামলার ঘটনাটি উল্লেখ করা হয়েছে। তবে এখানেও বাংলাদেশি শান্তিরক্ষীদের উদ্ধারে পাকিস্তানের সেনাবাহিনীর কিউআরএফ কমান্ডোদের সহায়তা নিয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
এ ছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজেও বাংলাদেশি শান্তিরক্ষীদের উদ্ধারে পাকিস্তানের সেনাবাহিনীর কিউআরএফ কমান্ডোদের সহায়তার দাবিতে প্রচারিত পোস্টগুলোকে মিথ্যা হিসেবে উল্লেখ করা হয়েছে।
এসব তথ্যের ভিত্তিতে এটি নিশ্চিত হওয়া যায়, সুদানের আবেই এলাকায় সন্ত্রাসী হামলার শিকার বাংলাদেশি সেনাদের পাকিস্তানের সেনাবাহিনীর কিউআরএফ কমান্ডোদের সহায়তায় উদ্ধারের দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট।