ভোলার বোরহানউদ্দিন উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা করা হয়।
সকালে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, পৌরসভা প্রশাসক, বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
পরে উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলম খানের নেতৃত্বে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ শহীদ বেদিতে শ্রদ্ধা জানান।
সকাল ৯টায় বোরহানউদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোরঞ্জন বর্মন এবং বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন।
একই স্থানে পরে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোরঞ্জন বর্মনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রনজিৎ চন্দ্র দাস, উপজেলা প্রকৌশলী মাইনুল ইসলাম খান, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ননী গোপাল, উপজেলা মুক্তিযোদ্ধা আহ্বায়ক নুরুল আমিন মিয়া, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আছমত আলী এবং বীর মুক্তিযোদ্ধা রিয়াজউদ্দিন প্রমুখ।
এছাড়াও উপজেলা বিএনপি, জামায়াতে ইসলামী, বোরহানউদ্দিন কামিল মাদ্রাসা, ভোলা পলিটেকনিক ইনস্টিটিউটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মহান বিজয় দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালন করে।