
X
মাগুরায় মহান বিজয় দিবস উপলক্ষে তিনদিন ব্যাপী বিজয় মেলার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় শহরের নোমানী ময়দানে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এ বিজয় মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, সিভিল সার্জন ডাক্তার মো: শামীম কবির, মাগুরা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ ইলিয়াসুর রহমান, মাগুরা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আব্দুল আওয়াল, বিসিক মাগুরা শাখার উপ ব্যবস্থাপক অর্জুন কুমার বিশ্বাসসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মেলায় যুব উন্নয়ন অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর, বিসিক, মাগুরা এ টু জেড অনলাইন বাজার গ্রুপ ও স্থানীয় উদ্যোক্তারা মোট ৫০টি স্টলে বিভিন্ন ধরনের পণ্য সামগ্রীর পরসা সাজিয়ে বিক্রয় করছেন। এছাড়াও রেডক্রিসেন্ট ও জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে মেলায় আগতদের স্বাস্থ্যসেবার ব্যবস্থা করা হয়েছে।
১৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া বিজয় মেলা ১৮ ডিসেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত চলবে।
এর আগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মাগুরা জেলায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন, মাগুরা প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করে।
সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা হয়। এরপর সরকারি ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সকাল ৬টা ৩৭ মিনিটে শহরের নোমানী ময়দানে অবস্থিত শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড, মাগুরা পৌরসভা, জেলা পরিষদ, সিভিল সার্জন কার্যালয়, মাগুরা প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ, পুলিশ সুপার মো. হাবিবুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।
সকাল ৯টায় মাগুরা স্টেডিয়ামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও মনোমুগ্ধকর শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে জেলা প্রশাসক ও পুলিশ সুপার সালাম গ্রহণ করেন।
দুপুর ১২টায় জেলা অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।
বিকাল ৩টায় মাগুরা সরকারি শিশু পরিবারের মাঠে জেলা পর্যায়ে নারী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকাল সাড়ে ৪টায় কালেক্টরেট মাঠে একটি প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করা হয়েছে।
সন্ধ্যায় শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জেলা তথ্য অফিসের উদ্যোগে মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। রাত ৭টায় জেলা অডিটোরিয়ামে মহান মুক্তিযুদ্ধের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচির সমাপ্তি ঘটে।
এছাড়াও মাগুরা প্রেসক্লাবের উদ্যোগে ক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা ওয়ালিউর রহমান। সভায় সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিকসহ উপস্থিত সাংবাদিকরা মহান মুক্তিযুদ্ধ ও বিজয়ের ইতিহাস তুলে ধরে বক্তব্য রাখেন।