প্রকাশ: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ৫:১৬ পিএম (ভিজিট : ৫০)

X
মাগুরায় রাজাকারদের বিরুদ্ধে ঘৃণা প্রকাশের উদ্দেশ্যে নির্মিত একটি স্মৃতি স্তম্ভে জুতা-স্যান্ডেল ও থুতু নিক্ষেপ করেছে ছাত্র-জনতা। বুধবার দুপুরে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ ক্যাম্পাসের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
প্রথমে কলেজের সামনে রাজাকার ঘৃণা স্তম্ভ নির্মাণ করা হয়। নির্মাণ শেষে সেখানে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জুতা-স্যান্ডেল ও থুতু নিক্ষেপ করে প্রতিবাদ জানান।
এ সময় উপস্থিত শিক্ষার্থীরা বলেন, ১৯৭১ সালে যারা দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হিসেবে মা-বোনের সম্ভ্রমহানি ঘটিয়েছে এবং নিরীহ মানুষ ও মুক্তিযোদ্ধাদের হত্যায় সহায়তা করেছে- তাদের প্রতি ঘৃণা জানাতেই এই কর্মসূচি। তারা বলেন, রাজাকারদের ভূমিকা জাতির ইতিহাসে একটি কলঙ্কিত অধ্যায়, সেই ঘৃণার স্মরণ করতেই এই আয়োজন।
জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবাবেক হাসানুজ্জামান হাসু বলেন, মুক্তিযুদ্ধবিরোধী চক্র যেন ভবিষ্যতে আর কখনো দেশবিরোধী তৎপরতায় লিপ্ত হতে না পারে এবং ১৯৭১ সালের মতো গণহত্যা ও দমন-পীড়নের পুনরাবৃত্তি না ঘটে এ বিষয়ে সবাইকে সজাগ করাই এ কর্মসূচির মূল লক্ষ্য।