পদত্যাগের পরও সরকারি বাসভবন ছাড়েননি দুই উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে এক সপ্তাহ আগে পদত্যাগ করলেও এখনো সরকারি বাসভবন ছাড়েননি দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টা

2025-12-18T12:40:37+00:00
2025-12-18T12:40:37+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
পদত্যাগের পরও সরকারি বাসভবন ছাড়েননি দুই উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ১২:৪০ পিএম   (ভিজিট : ১০৪)
X

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে এক সপ্তাহ আগে পদত্যাগ করলেও এখনো সরকারি বাসভবন ছাড়েননি দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম। কবে তাঁরা বাসভবন ছাড়বেন-এ বিষয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের কাছেও কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। বিষয়টি নিয়ে দায়িত্বশীল কোনো কর্মকর্তা নাম প্রকাশ করে মন্তব্য করতেও রাজি হননি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল বুধবার পর্যন্ত পদত্যাগী এই দুই উপদেষ্টার কেউই সরকারি বাসভবন ত্যাগ করেননি।

পদত্যাগ করার পরেও সরকারি বাসায় থাকা নিয়ে অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টার বিরুদ্ধে বিতর্ক তৈরি হয়। এবার এ বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আসিফ বলেছেন, নিরাপত্তাজনিত কারণে সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশেই সরকারি বাসায় থাকছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করা দুই ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে একটি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তিনি বলেন, ‘নিরাপত্তাজনিত কারণে সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশেই সরকারি বাসায় থাকছি আমরা। এ ছাড়াও দুই মাস পর্যন্ত গ্রেস পিরিয়ড বাসায় থাকার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই বলেও জানান তিনি।’

এর আগে গত ১০ ডিসেম্বর বিকেল ৫টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম। প্রধান উপদেষ্টা তখন তাঁদের পদত্যাগপত্র গ্রহণ করেন। সে সময় প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গেই এই পদত্যাগপত্র কার্যকর হবে।

এর পরদিন উপদেষ্টা পরিষদের বৈঠকে আনুষ্ঠানিকভাবে তাঁদের বিদায় জানানো হয়। পরে ওই দিন সন্ধ্যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হলে দুই উপদেষ্টার পদত্যাগপত্র কার্যকর হয়।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের দিন থেকেই উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। অন্যদিকে মাহফুজ আলম গত বছরের ২৮ আগস্ট নিয়োগ পেয়ে প্রথমে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব নেন। পরে ১০ নভেম্বর তিনি উপদেষ্টা হিসেবে শপথ নেন। শুরুতে কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব না পেলেও চলতি বছরের ফেব্রুয়ারিতে নাহিদ ইসলাম পদত্যাগ করলে তাঁকে তথ্য উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়। সব মিলিয়ে আসিফ মাহমুদ প্রায় ১৫ মাস এবং মাহফুজ আলম প্রায় ১৩ মাস উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির ঘোষণা আসে আসিফ মাহমুদের মাধ্যমে। ঘোষিত কর্মসূচি এক দিন এগিয়ে এনে ৫ আগস্ট বাস্তবায়ন করা হয়, যা তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতন ত্বরান্বিত করে। জুলাই গণ-অভ্যুত্থানে তাঁর ভূমিকা ব্যাপকভাবে আলোচিত ও স্মরণীয় হয়ে আছে।

অন্যদিকে, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর জাতিসংঘের অধিবেশনে প্রথমবার অংশ নিতে গিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সফরসঙ্গী হিসেবে মাহফুজ আলমকে সঙ্গে নেন। ছাত্র-জনতার আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’ হিসেবে বিশ্বমঞ্চে মাহফুজ আলমকে পরিচয় করিয়ে দেওয়ায় বিষয়টি দেশ-বিদেশে ব্যাপক আলোচনার জন্ম দেয়।




  বিষয়:   উপদেষ্টা  পদত্যাগ  বাসভবন 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy