প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ৬:২৮ পিএম (ভিজিট : ৪৮)

X
ফরিদপুরের চরভদ্রাসনে নানা আয়োজনের মধ্য দিয়ে শেষ হল তিন দিনব্যাপী বিজয় উৎসব। বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে উপজেলা পরিষদে অনুষ্ঠিত বিজয় মেলার সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে তিন দিনব্যাপী বিজয় উৎসবের সমাপ্তি ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার জালাল উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন কর্মকর্তা আজাদুর রহমান, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, সদর ইউপি চেয়ারম্যান আজাদ খান,শিক্ষক জাহিদুর রহমান, নজরুল ইসলাম প্রমুখ।
মহান বিজয় দিবস উপলক্ষে গত ১৬ই ডিসেম্বর হতে বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর পর্যন্ত নানা আয়োজনের মধ্য উল্লেখযোগ্য অনুষ্ঠানের মধ্যে ছিল চারু, কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যের মেলা। তবে ১৬ই ডিসেম্বর সন্ধ্যায় চরভদ্রাসন সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে উঠেছিল হাজারো মানুষের মিলন মেলায়। অতীতের অনুষ্ঠিত বিজয় দিবসে এ ধরনের চমৎকার আয়োজন কখনো হয়নি বলে মন্তব্য করেছেন আগত দর্শকেরা।
এ বিষয়ে চরভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয়ের জ্যেষ্ঠ সহকারী শিক্ষক শাহজাহান শিকদার বলেন, চরভদ্রাসনের ইতিহাসে বিজয় দিবসে এ ধরনের আয়োজন এটিই প্রথম এবং এই অনুষ্ঠানে মাধ্যমে দীর্ঘদিন পর মানুষ নির্মল আনন্দ উপভোগ করেছে।
তিন দিনব্যাপী এই অনুষ্ঠানের বিষয়ে সম্প্রতি যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা জালাল উদ্দিন বলেন, বিজয় উৎসবকে সার্বজনীন আনন্দ উৎসবে পরিণত করার লক্ষ্যে কাজ করেছে উপজেলা প্রশাসন। সকলে যেন একটু নির্মল আনন্দ উপভোগ করতে পারে সে লক্ষে আয়োজন করা হয়েছিল সাংস্কৃতিক অনুষ্ঠান এবং তিন দিনব্যাপী ছিল বিজয় মেলা। চরভদ্রাসন উপজেলাবাসী এই বিজয় উৎসবকে সানন্দে উপভোগ করেছে। এটাই উপজেলা প্রশাসনের প্রাপ্তি।