প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ৭:৪৯ পিএম (ভিজিট : ১২৬)

X
ঝালকাঠি শহরের ব্র্যাক মোড়ের পূর্ব পাশে বাপ্পি ভিলার সামনে মোটরসাইকেল ও যাত্রীবাহী পরিবহনের সংঘর্ষে দুইজন বিএনপি ও যুবদল নেতা নিহত হয়েছেন।
নিহতরা হলেন মঠবাড়িয়া পৌর যুবদলের সাবেক আহ্বায়ক ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন বাদল এবং মঠবাড়িয়া পৌর বিএনপির ২নং ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক মিজান খান মঞ্জু।
বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে বরিশাল থেকে মোটরসাইকেলে মঠবাড়িয়া ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগামী একটি বাস ওভারটেকের সময় মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তা নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এ সময় বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মিজান খান মঞ্জু নিহত হন। গুরুতর আহত অবস্থায় বাদলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।
এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর প্রক্রিয়াধীন। দুর্ঘটনাকবলিত বাসটি শনাক্তে কাজ করছে পুলিশ।