প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ৮:৩১ পিএম (ভিজিট : ৭১)

X
শেরপুরে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব বড়দিন উদযাপন উপলক্ষ্যে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা সংক্রান্তে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে পুলিশ সুপারের কার্যালয়, শেরপুরের সম্মেলন কক্ষে পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম মহোদয়ের সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সুপার উপস্থিত সকলকে বড়দিনের আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেন।
পরে বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনের নেতৃবৃন্দ ওজেলার বিভিন্ন গির্জার প্রতিনিধিগণ 'বড়দিন-২০২৫' ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপন সম্পন্ন করার লক্ষ্যে তাদের মূল্যবান মতামত ও প্রস্তাবনা তুলে ধরেন।
সভায় পুলিশ সুপার শেরপুর জেলায় নিছিদ্র নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে 'বড়দিন-২০২৫' উদযাপন সম্পন্ন করার লক্ষ্যে শেরপুর জেলা পুলিশ কর্তৃক গৃহীত নিরাপত্তা পরিকল্পনা সম্পর্কে উপস্থিত সকলকে অবহিত করেন। তিনি, উৎসবকে ঘিরে গির্জাগুলোতে স্বেচ্ছাসেবক নিয়োগের আহবান-সহ বড়দিন উদযাপন কমিটির ‘করণীয় ও বর্জনীয়’ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনাও প্রদান করেন।
এ সময় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা, ডিআইও-১ জনাব খন্দকার মোঃ শহীদুল হক-সহ জেলার সকল থানার অফিসার ইনচার্জগণ, জেলার বিভিন্ন গির্জার প্রতিনিধিগণ এবং খ্রিস্টান এসোসিয়েশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।