প্রকাশ: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৬:১৭ পিএম (ভিজিট : ১৬২)

X
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় হৃদয়বিদারক এক ঘটনায় মানসিক ভারসাম্যহীন ছেলের ধারালো অস্ত্রের আঘাতে মা নিহত হয়েছেন। নিহত গৃহবধূর নাম বিলকিস বেগম (৪৫)।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেল আনুমানিক ৫টা ৩০ মিনিটে উপজেলার খান ঠাকুর দিঘীর পাড় এলাকায়। নিহত বিলকিস বেগম ওই এলাকার বাসিন্দা মোঃ নজরুল ইসলাম ওরফে ওড়ন মিয়ার স্ত্রী এবং কাদির মিয়ার কন্যা।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, দুপুরের খাবার শেষে বিলকিস বেগম ঘরের বাইরে প্লেট ধোয়ার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় তার মানসিক ভারসাম্যহীন ছেলে মোঃ তামিম মিয়া (২৪) হঠাৎ বসতঘর থেকে একটি ধারালো বটি নিয়ে বের হয়ে মায়ের ওপর হামলা চালায়। সে মাথা, কপাল ও পিঠে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই বিলকিস বেগমের মৃত্যু হয়।
সংবাদ পেয়ে অষ্টগ্রাম থানা পুলিশের এসআই মোঃ মোজাম্মেল খান ও এসআই একেএম মোশাররফ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।
হত্যাকাণ্ডের পর অভিযুক্ত তামিম মিয়া পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে, তাকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
এলাকায় বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশি নজরদারি ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।