প্রকাশ: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৮:৩৪ পিএম (ভিজিট : ৮৬)

X
জুলাইয়ের আন্দোলনের অন্যতম কণ্ঠস্বর ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর ২টায় কেরানীগঞ্জ উপজেলা সর্বস্তরের জনসাধারণের ব্যানারে উপজেলা কদমতলি গোল চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি উপজেলার বাবুবাজার সেতু প্রান্তে প্রদক্ষিণ করে পুনরায় কদমতলি গিয়ে এক সমাবেশে মিলিত হয়।
সমাবেশে ঢাকা জেলা দক্ষিণের জাতীয় যুব শক্তির সদস্য সচিব সিদ্দিকুর রহমান সোহানের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেরানীগঞ্জ উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আলআমিন মিনহাজ, কেরানীগঞ্জ উপজেলা এনসিপির সমন্বয় সদস্য সৈকত কামাল, কেরানীগঞ্জ উপজেলা এনসিপির সমন্বয় সদস্য ইনজামুল হক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর সহ মুখপাত্র আসাদ নূর সাব্বির, কেরানীগঞ্জ দক্ষিণ থানা গণতান্ত্রিক ছাত্র সংসদ আহ্বায়ক রাফসান আহমেদ রতন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী ষড়যন্ত্রেরই অংশ। এ হত্যার সুষ্ঠু তদন্ত করে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।
তারা বলেন, দেশের অভ্যন্তরে কোনো আগ্রাসী তৎপরতা কিংবা ভারতীয় হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। খুনাখুনির রাজনীতি বন্ধ করে এদেশ থেকে সকল দালাল ও ষড়যন্ত্রকারীদের প্রতিহত করার আহ্বান জানান বক্তারা।
বক্তারা আরও বলেন, শহীদ শরীফ ওসমান হাদির রক্ত বৃথা যেতে দেয়া হবে না। তাঁর আদর্শ ও সংগ্রামকে ধারণ করেই জনগণকে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে ন্যায়বিচার আদায় করতে হবে।